আকরাম উদ্দিন
শারীরিক প্রতিবন্ধী মেয়েটির (২২) জন্ম হতদরিদ্র পরিবারে। আড়াই বছর বয়স থেকে দুই পায়ে চেতনা নেই। হামাগুড়ি দিয়ে চলাফেরা করেন। বিয়ে হয়নি, তবুও তার কোলে এখন আট মাসের এক কন্যাসন্তান। এই সন্তানের স্বীকৃতির জন্য দেড় বছর ধরে লড়াই করছেন তিনি। মেয়েটির বাড়ি জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ গ্রামে। বাবা নেই। ভাইদের সংসারে অনেক কষ্টে-সৃষ্টে বড় হয়েছেন। সন্তানের স্বীকৃতির জন্য গত বছরের ১৩ সেপ্টেম্বর বিশ্বম্ভরপুর থানায় মামলা করেছেন তিনি। মামলাটি সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন আছে।
মেয়ের বড় ভাই জানান, তাদের গ্রামের একটি চালকলে কাজ করতেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৈতন্যপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে হাছান মিয়া (২৫)। চালবন্দ গ্রামে হাছান মিয়ার বোনের বাড়ি হওয়ার সুবাদে সে এখানে আসে চার বছর আগে। তার বোনের স্বামী আবুল কাশেম ও ওই প্রতিবন্ধীর ঘর পাশাপাশি। আবুল কাশেমের ঘরে যাতায়াতের এক পর্যায়ে হাছান মিয়ার সঙ্গে পরিচয় হয় মেয়েটির। পরিচয় থেকে প্রেম, একপর্যায়ে সেটি শারীরিক সম্পর্কে গড়ায়।
গত বছরের ১৩ সেপ্টেম্বর বিশ্বম্ভরপুর থানায় মেয়েটির দায়ের করা মামলায় হাছান মিয়া, তার বোন শাহানা বেগম, বোন জামাই আবুল কাশেম ও গ্রামের বাসিন্দা মকসুদ আলীকে আসামি করা হয়েছে। মামলার এজহারে তিনি বলেছেন, বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন হাছান। গত বছরের ১৫ ফেব্রুয়ারি ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তাকে। এরপর একইভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন হাছান মিয়া। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। ভয়ে তিনি পারিবারের কাউকে বিষয়টি জানাননি। কিন্তু তার শারীরিক পরিবর্তন দেখে তার ভাবি তার কাছে জানতে চাইলে তিনি পুরো ঘটনা খুলে বলেন। এরপর পরিবারের পক্ষ থেকে আবুল কাশেম ও শাহানা বেগমের সঙ্গে যোগাযোগ করলে তারা সব কিছু অস্বীকার করে এবং এবং হাছান মিয়াকে হবিগঞ্জে পাঠিয়ে দেন।
মেয়ের বড় ভাই আরও জানান, পরিবারিকভাবে কোনো মীমাংসা না হলে তিনি গ্রামবাসীকে ডাকেন, একাধিকবার সালিস হয়। কিন্তু কোনো মীমাংসা হয়নি। এরপর বাধ্য হয়ে থানায় মামলা দায়ের করেন তারা। মামলা চলাকালীন গত বছরের ১৮ নভেম্বর এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তার বোন। তিনি বলেন, আমি গরিব মানুষ। মামলা চালাইতে গিয়া নিঃস্ব হয়ে গেছি। হাছান সব কিছু স্বীকার কইরা নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামা দিয়েছে। কিন্তু আবুল কাশেমের ভয়ে সে এখন এলাকায় আসে না। আবুল কাশেম এলাকার আরও কয়েকজনকে নিয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।
আদালতে হাছান আলী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন এবং নিজ খরচে ডিএনএ পরীক্ষার জন্য আবেদন করেন। গত ৩১ মার্চ আদালতের নির্দেশে সিআইডির দেওয়া ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হাছান মিয়াই মেয়েটির গর্ভজাত কন্যাসন্তানের পিতা।
মেয়েটি বলেন, আমি চলাফেরা করতে পারি না, ল্যাংড়া মানুষ। হাছান আমারে বিয়ার কথা কইয়া জোর কইরা এই কাজ করছে। পরে যখন আমার পেটে সন্তান আসে তখন কাউরে না বলতে ভয় দেখায়। আমি আমার সন্তানের স্বীকৃতি চাই। এই প্রতারণার বিচার চাই।
আবুল কাশেম বলেছেন,‘যে দোষ করছে তারে আসামি দিলে আমার কোনো ক্ষোভ থাকত না। এখন আমিও দোষী, আমার টাকা পয়সা যাচ্ছে। আমি কিছু বলতে পারব না, কোর্টেই এইটার ফয়সালা অইব।’
হাছান মিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। ডিএনএ পরীক্ষার বিষয়ে জানালে তিনি বলেন,‘এইটা আমিই করিয়েছি। আমার বিপক্ষে রিপোর্ট আসছে কি-না জানি না। আমার বোনের জামাই যা ভালো মনে করে সেটাই করবে। আমি কিছু বলতে পারব না।’
মেয়ের আইনজীবী মো. তৈয়বুর রহমান বাবুল বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, হাছান মিয়াই ওই কন্যাসন্তানের পিতা। মামলাটি এখন শুনানির পর্যায়ে আছে।