- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সপ্তাহব্যাপী বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব শুরু

স্টাফ রিপোর্টার
‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণ প্রজন্মের মাঝে চলচ্চিত্র শিল্পের বিকাশ ও প্রসার এবং চলচ্চিত্র দর্শকদের শিল্পসম্মত চলচ্চিত্র অবলোকনের লক্ষ্যে দেশব্যাপী একযোগে ‘বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০১৬’ শুরু হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রবিবার থেকে শুরু হওয়া এ উৎসব দেশের ৬৪টি জেলা শিল্পকলা একাডেমিতে একযোগে ৮ অক্টোবর পর্যন্ত সাত       দিনব্যাপী এ উৎসব চলবে। সন্ধ্যায় পুরাতন জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক দেওয়ান শামসুল আবেদীন, কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেল প্রমুখ।
উৎসবের প্রথম দিন জহির রায়হানের ‘স্টপ জেনোসাইড’, তারেক মাসুদের ‘আদম সুরত’, ইয়াসমিন কবিরের ‘পরবাসী মন আমার’ প্রমাণ্য চলচ্চিত্র এবং মোরশেদুল ইসলামের ‘আগামী’, আমিনুর রহমান মুকুলের ‘অবরোধ’ ও রহমান লেনিনের ‘মন ফড়িং’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়।  
বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের লক্ষ্যে দুই শতাধিক চলচ্চিত্র থেকে ৫ সদস্যবিশিষ্ট ‘সিলেকশন কমিটি’ ৩৫টি স্বল্পদৈর্ঘ্য এবং ২৯টি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর জন্য বেছে নেন। বিভিন্ন সময়ে নির্মিত উল্লেখ্যযোগ্য চলচ্চিত্র থেকে ১১টি প্রামাণ্য চলচ্চিত্র এবং ৯টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্বাচন করা হয়। সব মিলিয়ে ৮৪টি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। কমিটির বাছাইয়ের মাধ্যমে উৎসবে অংশগ্রহণকৃত স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র থেকে উভয় শাখায় (শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ নির্মাতা এবং বিশেষ জুরি) পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার প্রদানের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি জুরি কমিটি গঠন করা হয়েছে। শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য ১ লক্ষ টাকা এবং শ্রেষ্ঠ নির্মাতার জন্য ৫০ হাজার করে উভয় শাখায় প্রদান করা হবে। পুরস্কার বিজয়ীদের একই সাথে ক্রেস্ট ও সনদপত্র দেয়া হবে। বিশেষ জুরি পুরস্কার প্রাপ্তকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। এছাড়া যে সকল চলচ্চিত্র উৎসবের প্রদর্শিত হবে, সে সকল চলচ্চিত্রের সকল নির্মাতাকে সনদপত্র প্রদান করা হবে।

  • [১]