বিন্দু তালুকদার
পথে পথে সবজী বিক্রি করেন আব্দুল কাইয়ুম (৪০)। বাড়ি শহরতলির হাছনবশত গ্রামে। সোমবার বাংলালিংকের সিম রি রেজিস্টেশন করতে সুনামগঞ্জ শহরের জেলরোড এলাকায় এসেছিলেন। বেলা ১১ টায় ইন্টারনেটের গতি কম থাকায় তিনি রেজিস্ট্রেশন সেন্টার থেকে ফিরে শহরের প্রধান রাস্তা ডিএস রোড দিয়ে ট্রাফিক পয়েন্টের দিকে যাচ্ছিলেন। এসময় সদর থানার প্রধান গেটের সামনে তওহিদ নামের আড়াই বছরের এক শিশু (নামটা পরে জানা যায়) হঠাৎ করে একটি চলন্ত রিকশার নিচে পড়ে যাচ্ছিল। কাইয়ুম ও আরেক পথচারী দৌঁড়ে গিয়ে শিশুটিকে দুর্ঘটনা থেকে রক্ষা করেন। পরে সঙ্গের পথচারী শিশুটিকে আব্দুল কাইয়ুম’র কাছে বুঝিয়ে দিয়ে বললেন তুমি দেখ শিশুটি কার, আমার তাড়া (ব্যস্ততা) আছে।
অপরিচিত ও অভিভাবকহীন শিশুকে কোলে নিয়ে আব্দুল কাইয়ুম ট্রাফিক পয়েন্ট থেকে উকিল পাড়া পয়েন্ট পর্যন্ত রাস্তার দু’পাশের সকল ব্যবসায়ী ও পথচারীদের একে একে জিজ্ঞেস করেন, পথে যাকেই পেয়েছেন জিজ্ঞেস করেছেন এই শিশুটি কার? এভাবে সময় গড়িয়েছে প্রায় ৩ ঘণ্টা। শিশুটির পরিচয় ও অভিভাবক খোঁজে না পেয়ে তার স্কুল পড়–য়া ভাতিজা আবুল কাহারকে বিষয়টি জানান তিনি। তাঁর (কাহারের) পরামর্শেই শিশুটিকে নিয়ে দৈনিক সুনামগঞ্জের খবর অফিসে আসেন তিনি।
আব্দুল কাইয়ুম বললেন,‘আমারও আল্লার মাল একটা ছেলে ও একটা মেয়ে আছে। এই বাচ্চার মুখের বায় চাইয়া আমার বাচ্চার কথা মনে হইছে’। তিনি জানালেন, প্রকৃত অভিভাবক না পাওয়া পর্যন্ত তাঁর কাছেই শিশুটিকে রাখবেন তিনি।
শিশুটিকে পাওয়ার পুরো বিষয়টি আইনশৃংখলা বাহিনীকে অবগত করতে হবে জানালে ভরকে গেলেন তিনি। পরে সদর থানার ওসিকে ফোন দিয়ে আব্দুল কাইয়ুমকে এ বিষয়ে সহায়তা করার অনুরোধ জানানোয় সাহস পেলেন কাইয়ুম। পরে এ বিষয়ে সদর থানায় সাধারণ ডায়েরী করা হয়।
এদিকে শিশু সন্তানকে হারিয়ে পাগলের মত শহরের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করছিলেন শিশুর মা বিধবা রোকেয়া বেগম। তার গ্রামের বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ এলাকার মাছিমপুর গ্রামে। দুই বছর আগে স্বামী দুলাল মিয়া মারা গেছেন। তার ২ মেয়ে ও ৪ ছেলে রয়েছে। তাওহিদ সবার ছোট। তিনি শহরের বনানীপাড়া এলাকার অ্যাড. নেছার উদ্দিনের বাসায় কাজ করেন।
তাওহিদের মা বলেন, ‘তাওহিদসহ আরো এক সন্তান বাসার আঙ্গিনায় খেলা করছিল। হঠাৎ করে দেখেন তাওহিদ নেই। আশপাশ এলাকা খোঁজাখুজি করার পর তিনি ট্রাফিক পয়েন্ট এলাকার দিকে অগ্রসর হতে থাকেন। এসময় থানার সামনে এক কাঠাল ব্যবসায়ী তাওহিদকে একজন কোলে করে অনেকক্ষণ ধরে ঘুরছেন বলে জানান’।
থানায় জিডি করে আব্দুল কাইয়ুম শিশু তাওহিদকে নিয়ে বাসায় ফেরার পথে থানার সামনে পেয়ে যান শিশুটির মা রোকেয়া খাতুন। ছেলে কে জড়িয়ে ধরে হাউ-মাউ করে কাঁদতে থাকেন তিনি। পরে পুলিশের সাথে কথা বলে রোকেয়া খাতুন তার হারানো সন্তানকে নিয়ে যান। রোকেয়া খাতুন জানান, তার ধারণা বাসা থেকে বের হওয়ার পর পথ হারিয়ে হাঁটতে হাঁটতে সে এতদূর (প্রায় দুই কিলোমিটার) চলে এসেছিল।
সুনামগঞ্জ সদর থানার ওসি হারুন অর রশিদ বলেন,‘পথ হারানো শিশু তাওহিদ রোকেয়া খাতুনের বলে দাবি করেছেন। পরে শনাক্তকারীরা এই বাচ্চাটি তারই বলে জানানোয় আমরা রোকেয়া খাতুনের হাতে শিশুটিকে তুলে দিয়ে দিয়েছি।’