সু.খবর ডেস্ক
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বলেছেন, ‘সভ্যতার ক্রমবিবর্তনে আমাদের সংস্কৃতি দিন দিন উন্নত হচ্ছে। গ্রামীন সংস্কৃতির সাথে প্রযুক্তির যে টানাপোড়েন চলছে, তা সভ্যতারই বিবর্তন ঘটাচ্ছে।’ গ্রাম থিয়েটারের ৭ম জাতীয় সম্মেলন ও দিবারাত্রির সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি শুক্রবার এই কথা বলেন। এই সময় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এই সম্মেলন ও দিবারাত্রি অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
গ্রাম থিয়েটারের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর সভাপতিত্বে আরো বক্তৃতা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও আতাউর রহমান। স্বাগত বক্তৃতা প্রদান করেন জাতীয় সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব হুমায়ুন কবির হিমু।
সাংস্কৃতিক সভ্যতার এই বিবর্তনে স্তরে স্তরে মালভূমি আসবে। তার সঙ্গে লড়াই করেই আমাদের এগিয়ে যেতে হবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস, জঙ্গীবাদ, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার মত এসব মালভূমির বিরুদ্ধে আমাদের সংস্কৃতি সব সময়ই সোচ্চার। সাংস্কৃতিক বিবর্তনে এই ধারা অব্যাহত থাকবে বলেও তার বিশ্বাস।’
শুক্রবার সন্ধ্যার পর শুরু হয় দিবারাত্রির সাংস্কৃতিক অনুষ্ঠান। কথন, গান ও নাটক পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান চলবে সারারাত। আজ সকাল ৭টায় শেষ হবে দিবারাত্রির এই অনুষ্ঠান। কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি নির্বাচনের মধ্যদিয়ে দুই দিনব্যাপি এই জাতীয় সম্মেলন শুরু হয় গত বৃহস্পতিবার।