স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সমকাল সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে সারাদেশে খাদ্য সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। রমজানে হতদরিদ্রদের সেহরি, ইফতার ও ঈদ নির্বিঘ্নে করতে মূলত এই উদ্যোগ।
কর্মসূচির অংশ হিসেবে সোমবার তাহিরপুর উপজেলার ১২৫ হতদরিদ্র পরিবারের মাঝে উপহার স্বরূপ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বেলা ১১টায় তাহিরপুর উপজেলার নোয়ানগর গ্রামে প্রতিটি হতদরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর, সমকালের তাহিরপুর উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, ইকরা বাংলা টিভির স্টাফ রিপোর্টার বেলাল আহমেদ, আল খায়ের ফাউন্ডেশনের প্রতিনিধি প্রবীর কর্মকার, আলোক চিত্রী সুকান্ত তালুকদার, সুহৃদ সমাবেশ উপজেলা সহ সভাপতি সাংবাদিক শওকত হাসান,যুগ্ম সম্পাদক সজিব চন্দ, কোষাধ্যক্ষ শঙ্কর চন্দ, সদস্য মোনায়েম শরীফ, রায়হান আহমদ প্রমুখ।
উপহারের খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেটে ছিল ১৫ কেজি চাল, এক কেজি পেঁয়াজ, দুই কেজি আলু, এক কেজি চিনি, দুই লিটার ভোজ্যতেল, এক কেজি করে লবণ, আটা, ছোলা, ৫০০ গ্রাম গুঁড়া দুধ, ৫০০ গ্রাম খেজুর এবং এক প্যাকেট সেমাই, ১০০ গ্রাম করে হলুদ, মরিচ ও ধনিয়ার গুড়া।
খাদ্যসামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায় মারাল গ্রামের সত্তর বছরের বিংরাজ বিবিকে। মারালা গ্রামটি হাওরের বিচ্ছিন্ন এলাকায় অবস্থিত। সরকারি ত্রাণ ও সুযোগ—সুবিধা এখানে তেমন একটা পৌঁছায় না।
বিংরাজ বিবি বলেন, ছেলেরা কাম কাজে যায় না। খেয়ে না খেয়ে বেঁচে আছেন। একসঙ্গে এতকিছু ত্রাণ পাবেন আশা করেননি। এখন রমজান মাস ও ঈদ আনন্দের সঙ্গেই উদযাপন করতে পারবেন।
একই গ্রামের ছয়ফুল মিয়া বলেন, আমি শারীরিক প্রতিবন্ধী। কাজকর্ম করতে পারি না। রমজান মাসটা কীভাবে কাটবে ভেবে কূল পাচ্ছিলাম না। এত ত্রাণ একসঙ্গে পাওয়ার পর এখন আর রমজান ও ঈদে কোনো সমস্যা হবে না।’ তিনি সমকাল সুহৃদ সমাবেশ ও আল—খায়ের ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।
ঠাকুরহাটি গ্রামের দেবদাস দে (৭০) বলেন, ত্রাণের প্যাকেট তার পক্ষে বাড়িতে বয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাই সুহৃদ সমাবেশের সদস্যরা ত্রাণ তার বাড়িতে পৌঁছে দেন।
এই দিন নোয়ানগর, মারালা, শ্রীপুর, ঠাকুরহাটি, ভাটি তাহিরপুর, মধ্য তাহিরপুর, রতনশ্রী ও জামালগড় গ্রামের মানুষকেও খাদ্য সহায়তা দেয়া হয়।
খাদ্য সহায়তা বিতরণের সময় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর খাদ্য সহায়তা বিতরণের জন্য প্রত্যন্ত হাওর এলাকার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের এলাকাকে বেছে নেয়ার জন্য তিনি আল খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহৃদ সমাবেশকে ধন্যবাদ জানান। তিনি বলেন, খাদ্য সহায়তা পেয়ে হতদরিদ্র পরিবারগুলোর আনন্দ দেখে তিনি অভিভূত হয়েছেন।