- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘সমাজের সব ক্ষেত্রে নারীর সুরক্ষা নিশ্চিত করতে হবে’

স্টাফ রিপোর্টার
নারীর অগ্রগতির পথে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো দূর করতে না পারলে দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয়। তাই পরিবার ও সমাজের সব ক্ষেত্রে নারীর সুরক্ষা নিশ্চিত করতে হবে। বন্ধ করতে হবে নারীর প্রতি সকল প্রকার নির্যাতন ও সহিংসতা।
মঙ্গলবার ‘শান্তি ও সম্প্রীতিতে নারী’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেছেন। পৌর শহরের হাওরবিলাস মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে নারী প্রগতি সংঘ। এতে অংশগ্রহণকারী ৩০জন নারীর মধ্যে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনজীবী, সমাজকর্মী, সাংবাদিক, গৃহবধূ ও উন্নয়নকর্মীরা   
ছিলেন।
কর্মশালায় জানানো হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫তম সিদ্ধান্তের আলোকে পররাষ্ট্র মন্ত্রণালয় নারীর সুরক্ষা নিশ্চিত করার লক্ষে একটি জাতীয় পরিকল্পনা প্রণয়ন করছে। এই পরিকল্পনায় সকল পর্যায়ের নারীদের পরামর্শ ও মতামত যুক্ত করার জন্যই এই কর্মশালার আয়োজন। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন নারী প্রগতি সংঘের উপপরিচালক শাহনাজ সুমী।
নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা করেন নারী প্রগতি সংঘের প্রকল্প পরিচালক এলিসন বাড়ৈ, প্রকল্প সমন্বয়কারী শরিফুজ্জামান ও আফরিনা বিনতে আশরাফ। এ ছাড়াও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ফৌজি আরা বেগম, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা রূপা সরকার, সমাজকর্মী জাহানারা বেগম, বেসরকারি উন্নয়ন সংস্থা ইরার নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম, আরডিএসএ’র নির্বাহী পরিচালক মিজানুল হক সরকার, আইনজীবী জান্নাতুল ফেরদৌস, ইউনিয়ন পরিষদের সদস্য মাজেদা বেগম প্রমুখ।
কর্মশালায় প্রাকৃতিক ও মানবসৃষ্ট দূর্যোগে নারীর বহুমাত্রিক দুর্দশা, নারীর প্রতি লিঙ্গ বৈষম্য, উগ্রবাদের আগ্রাসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

  • [১]