- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার শপথ

স্টাফ রিপোর্টার
মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের সুবর্ণজয়ন্তীতে জাতি বীর সন্তানদের স্মরণ করেছে যাদের রক্তের বিনিময়ে দুই যুগের পাকিস্তানি শাসনের অবসান ঘটেছিল এবং বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটেছিল স্বাধীন বাংলাদেশের। বিকালে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের জনগণকে একযোগে শপথ বাক্য পাঠ করান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় দেশের বিভাগীয় শহরগুলোসহ তৃণমূল পর্যন্ত সর্বস্তরের দেশবাসী সোশাল মিডিয়া, টেলিভিশন এবং অনলাইনে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসভায় মাথা উঁচু করে চলতে বঙ্গবন্ধুর আদর্শে উন্নত-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে দেশের মানুষের সার্বিক কল্যাণে সকলকে সর্বশক্তি নিয়োগ করার শপথ করিয়েছেন। তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানী শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষের বিজয় দিবসে দৃপ্ত কণ্ঠে শপথ করছি যে, শহিদের রক্ত বৃথা যেতে দেব না, দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলবো। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।’ শেষে তিনি সকল মুক্তিযোদ্ধা ও দেশবাসীকে জানান প্রাণঢালা অভিনন্দন।
এদিকে দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আবুল হোসেন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যগণের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আলী আমজাদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। সুনামগঞ্জ জেলা পরিষদের সৌজন্যে ৬৫০ জন বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যকে শাড়ী ও লুঙ্গি দেয়া হয়। এছাড়াও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ এবং জেলা আওয়ামীলীগের অংঙ্গ ও সহযোগি সংঘঠনের আয়োজনে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
এর আগে প্রত্যুষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা জানানো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, সুনামগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা কৃষক লীগ, সদর উপজেলা কৃষক লীগ, সুনামগঞ্জ জেলা পরিষদ, জেলা পুলিশ, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, সুনামগঞ্জ উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, সুনামগঞ্জ জেলা বিএনপি, জেলা ছাত্রদল, জেলা যুবদল, জেলা কৃষকদল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা মৎসজীবী দল ও জেলা শ্রমিক দল, জেলা স্বাস্থ্য বিভাগ, বি.এম.এ সুনামগঞ্জ, সুনামগঞ্জ জাতীয় মহিলা সংস্থা, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল, জেলা জাতীয় পার্টি, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি, মুক্তিযুদ্ধ স্মৃতি ট্রাস্ট, জেলা উদীচী, জেলা ছাত্র ইউনিয়ন, প্রাথমিক শিক্ষা পরিবার, খেলাঘর, বাংলাদেশ শিশু একাডেমী সুনামগঞ্জ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়, সুনামগঞ্জ সাহিত্য সংসদ ও গণপাঠাগার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সোনালী সকাল, জেলা তথ্য অফিস, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পরিবার পরিকল্পনা বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বি.আর.টি.এ, জেলা মৎস্য অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়, জেলা শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ, সুনামগঞ্জ পৌর কলেজ, সুনামগঞ্জ সদর উপজেলা শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ, জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, জেলা সমবায় কার্যালয়, নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখা, বাবেশিকফো সুনামগঞ্জ জেলা শাখা, জেলা পূজা উদযাপন পরিষদ, মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম, জেলা রেজিস্ট্রারের কার্যালয়, ্আইনজীবী সহকারী সমিতি, আঞ্চলিক পাসপোর্ট অফিস, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, মহিলা বিষয়ক অধিদপ্তর সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর জেলা স্টেডেয়ামে কুচকাওয়াজ, প্যারেড পরিদর্শন, সালাম গ্রহণ, শরীরচর্চা প্রদর্শন এবং পুরস্কার বিতরণ করা হয়। বিকাল সাড়ে ৪টায় মহিলা কল্যাণ কেন্দ্রে মহিলা সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠান, বিকাল ৪.৪৫ মিনিটে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টায় শহিদ আবুল হোসেন মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃৃতিক অনুষ্ঠান।
এদিকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির জন্য ও শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত/যুদ্ধাগত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে বিশেষ দোয়া ও উপাসনা অনুষ্ঠিত হবে। দুপুরে হাসপাতাল, জেলখানা, শিশু পরিবারে প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিকও সাংস্কৃতিক সংগঠন এবং উপজেলা পর্যায়ে দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। শোক আর রক্তের ঋণ শোধ করার গর্ব নিয়ে উজ্জীবিত জাতি দিবসটি উদযাপন করে দিনটি।

  • [১]