- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সম্পন্ন হচ্ছে না দাপ্তরিক কাজ

স্টাফ রিপোর্টার
ই-নথি কার্যক্রমে দেশের এ ক্যাটাগরির ২৬ জেলার মধ্যে সুনামগঞ্জ জেলা দীর্ঘদিন প্রথম স্থানে ছিল। প্রচলিত নথি ব্যবস্থাপনার পরিবর্তে ইলেকট্রনিক পদ্ধতিতে নথি নিষ্পত্তির অনলাইন অফিস ব্যবস্থাপনা পদ্ধতি কার্যক্রমের মাধ্যমে হার্ড ফাইল অর্থাৎ কাগজী ব্যবস্থা তুলে দেয়া হয়েছিল। কিন্তু ই-নথিতে লগইন না হওয়া, ডাক / নথি আপলোড না হওয়া, সার্ভারে সংযোগ না পাওয়া, প্রেরণ বাটনে ক্লিক করার পর টাইম আউট হওয়া এবং সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সমস্যা দেখা দিয়েছে। এতে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস সমূহের দাপ্তরিক কাজ সম্পন্ন করা যাচ্ছে না। দেশের ৬ষ্ঠ বৃহত্তম জেলা সুনামগঞ্জের কর্মকর্তা কর্মচারীরা প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে।
ই-নথির ধীরগতির কারণে জেলা ও উপজেলা পর্যায়ের অফিসসমূহের কর্মকর্তা ও কর্মচারীরা সমস্যা সমাধানে জেলা প্রশাসনকে বিষয়টি অবগত করেছেন। জেলা প্রশাসন থেকে সমস্যাসমূহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিক ভাবে জানানো হলেও এখনও সমস্যার সমাধান হয় নি। পেপারলেস অফিস বাস্তবায়ন, অতিদ্রুত নাগরিক সেবা প্রদান, স্বচ্ছ ও জবাবদিহীতামূলক প্রশাসন ব্যবস্থা নিশ্চিত করতে ই-নথির ধীরগতি সমস্যা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
এজন্য গত ৭ সেপ্টেম্বর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) বরাবর লিখিত ভাবে বিষয়টি জানিয়েছেন। এছাড়াও একই সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং সিলেট বিভাগীয় কমিশনার বরারবর আবেদনের অনুলিপি পাঠানো হয়েছে।
জানা যায়, রূপকল্প ২০২১ ও ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস সমূহের দাপ্তরিক কাজ ই-নথির মাধ্যমে সম্পন্ন হচ্ছে। প্রচলিত নথি ব্যবস্থাপনার পরিবর্তে ইলেকট্রনিক পদ্ধতিতে নথি নিষ্পত্তির অনলাইন অফিস ব্যবস্থাপনা পদ্ধতি এ কার্যক্রমে দেশের এ ক্যাটাগরির ২৬ টি জেলার মধ্যে সুনামগঞ্জ জেলা দীর্ঘদিন প্রথম স্থানে ছিল। কিন্তু গত কয়েক মাস ধরে ই-নথিতে লগইন না হওয়া, ডাক/নথি আপলোড না হওয়া, সার্ভারে সংযোগ না পাওয়া, প্রেরণ বাটনে ক্লিক করার পর টাইম আউট হওয়া এবং সংযোগ বিচ্ছিন্ন হওয়াসহ বিভিন্ন সমস্যার মুখোমুখী হতে হচ্ছে। এতে ই-নথিতে ডাক ও পেন্ডিং থেকে যাচ্ছে। এছাড়াও সঠিক সময়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তথ্য প্রেরণ করা সম্ভব হচ্ছে না।
জানা গেছে, সরকারি কার্যক্রমে গতি আনার লক্ষ্যে ই-নথি ব্যবস্থাপনা চালু করা হয়েছিল। যার মাধ্যমে দাপ্তরিক ফাইল ব্যবস্থাপনা ও সংরক্ষণে এসেছিল ব্যাপক পরিবর্তন। কিন্তু দীর্ঘদিন ধরে ই নথির ধীরগতির কারণে কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে ই-নথি ব্যবহারে অনীহা দেখা দিচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম বলেন, সার্ভারে সমস্যা থাকায় ই-নথি কার্যক্রম সমস্য হচ্ছে। আমরা এই সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আশা করছি এই মাসের মধ্যেই এই সমস্যার সমাধান হবে।

  • [১]