লিপসন আহমেদ
জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলেছেন, ‘যেখানে মানুষের অধিকার হরণের বিষয় প্রশ্ন, সেখানেই নতুন চেতনা জাগ্রত হয়। আমাদের সকলকে দেশ ও জাতির জন্য মঙ্গলকর শুভ চিন্তা-চেতনাকে জাগিয়ে তুলতে হবে। জানতে হবে আমাদের ইতিহাস। কি ঘটেছিল সেই সময়, মানুষ কি রকম বসবাস করত, সে বিষয়ে আগে বুঝতে হবে।’
রবিবার সকালে জেলা শিশু একাডেমীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন ।
তিনি বলেন,‘আজ যুদ্ধপরাধীদের বিচার হচ্ছে। আজ মানবতা ও সম্প্রীতির কাছে জঙ্গিবাদ জয়ী হতে পারবে না। কারণ ধর্মের নামে জঙ্গি কর্মকা- যারা করে তারা মুসলমান নয়।’
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা তথ্য-প্রযুক্তি) আইনুর আক্তার পান্না’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিশু একাডেমীর কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ ।
সভা পরিচালনা করেন জেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি নূর মোহাম্মদ স্বজন। আলোচনা সভার পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।