আলী আহমদ, জগন্নাথপুর
জগন্নাথপুর পৌরসভার উপ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। তফশিল অনুয়ায়ী ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, বাছাই ১ মার্চ, প্রার্থীতা প্রত্যাহার ৮ মার্চ এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ মার্চ। মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান এই সময়সূচি জানিয়েছেন।
গত সোমবার নির্বাচণ কমিশন জগন্নাথপুর পৌরসভারসহ সাতটি পৌরসভার নির্বাচণের তফশিল ঘোষণা করে।
এদিকে তফশিল ঘোষণার সঙ্গে সঙ্গে সম্ভাব্য প্রার্থী সমর্থকদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। অনেক প্রার্থীই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীতা ঘোষণা দিয়ে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দোয়া আর সমর্থন চাইছেন। কেউ কেউ নির্বাচনে অংশ নিতে দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন। উপ নির্বাচনে নৌকা প্রত্যাশী আওয়ামী লীগেরএকাধিক প্রার্থীর নাম শুনা গেলেও বিএনপির প্রার্থীদের নাম এখনও
জোড়েশোড়ে শুনা যাচ্ছে না।
জানা যায়, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফের মৃত্যুর পর পরই সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা দেখা দেয়। কেউ কেউ প্রকাশ্যে প্রচারণা শুরু করেন। হঠাৎ করে বাতাসে খবর ছড়ায় পৌরসভার মেয়াদ শেষের দিকে এজন্য নির্বাচন হচ্ছে না। এধরনের খববে নিরবতা বিরাজ করলেও তফশিল ঘোষণার সঙ্গে সঙ্গে ব্যাপক তৎপরতা দেখা দিয়েছে।
মেয়র পদে যাদের নাম শুনা যাচ্ছে তাঁরা হলেন,জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিজানুর রশিদ ভূঁইয়া, সাবেক পৌর কাউন্সিলর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, যুক্তরাষ্ট্র প্রবাসি আব্দুস শহীদ ইব্রাহিম, সাবেক মেয়র আব্দুল মনাফের ছেলে আবুল হোসেন সেলিম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, পৌর কাউন্সিলর আবাব মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসি সামছুল ইসলাম রাজন, জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা মাহতাবুল হাসান সমুজ, বিএনপি নেতা আবিবুল বারি আয়হান, যুক্তরাজ্য প্রবাসি বিএনপি নেতা রাজু আহমদ, মির্জা জুয়েলের।
উপজেলা নির্বাচন কার্যালয় ও ভোটারদের সঙ্গে আলাপ করে জানা যায়, ১৯৯৯ সালে তৎকালিন পররাষ্ট্রমন্ত্রী জাতীয় প্রয়াত নেতা আব্দুস সামাদ আজাদের প্রচেষ্টায় উপজেলা সদরের ৪ নং ইউনিয়ন পরিষদকে জগন্নাথপুর পৌরসভার রূপান্তর করা হয়। ওই সময় পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেন মুকিত মিয়া। ২০০১ সালে জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম হারুনুর রশীদ হিরন মিয়া। সর্বশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর জগন্নাথপুর পৌর নির্বাচণে মেয়র পদে আওয়ামী লীগ নেতা আব্দুল মনাফ বিজয়ী হয়ে ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। গত ১১ জানুয়ায়ি পৌর মেয়র আব্দুল মনাফ মৃত্যুবরণ করলে তাঁর এই পদটি নির্বাচন কমিশন শূন্য ঘোষণা করে।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, জগন্নাথপুর পৌরসভার উপ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচন সম্পন্ন করতে আমরা কাজ শুরু করব।