ধর্মপাশা, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার ফসল রক্ষা বাঁধের হালনাগাদ অবস্থা নিয়ে গত বুধবার দৈনিক সুনামগঞ্জের খবরে একাধিক প্রতিবেদন ও সংবাদ প্রকাশিত হয়েছে। এসব সংবাদ অনুসারে বাঁধ নির্মাণের জন্য সরকার নির্ধারিত সর্বশেষ তারিখ ২৯ ফেব্র“য়ারি উত্তীর্ণ হয়ে গেলেও ৪০%এর উপরে কোথাও কোন কাজ হয়নি বলে জানা যায়। ধর্মপাশার কয়েকটি বাঁধ এলাকা সরেজমিনে ঘুরে জানা গিয়েছে, এসব বাঁধে আদৌ কোন কাজই হয়নি। জেলার প্রধান অর্থকরী ফসল বোরো ধান চাষকে অকাল বন্যা ও অতিবৃষ্টি থেকে রক্ষা করতে এসব অস্থায়ী বাঁধের গুরুত্ব রয়েছে। তাই বাঁধ নির্মাণ নিয়ে কৃষকদের আগ্রহের ব্যাপকতা থাকে সবসময়ই। সঠিক সময়ে বাঁধ নির্মিত হলে কৃষকরা কিছু স্বস্তি অনুভব করেন। কিন্তু এর বিপরীতে প্রতিবছরই সময়মতো বাঁধ নির্মাণ না হওয়া এবং বাঁধের মানগত অবস্থা নিয়ে কৃষকরা উদ্বেগের মধ্যে থাকেন। প্রতিবছরের মতো এবারও কৃষকদের এই উদ্বেগের কোন অবসান হয়নি। ফেব্রয়ারি মাস গত হওয়ার পরও যখন কোথাও ৪০% এর বেশি বাঁধ নির্মাণের অগ্রগতির খবর পাওয়া যাচ্ছে না তখন কৃষকদের উদ্বেগ চরমে উঠাই স্বাভাবিক। ফসল রক্ষার অস্থায়ী বাঁধ নির্মাণ নিয়ে পানি উন্নয়ন বোর্ড, ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) এর চরম দুর্নীতি ও অবহেলা একটি সাধারণ চিত্রে পরিণত হয়েছে। এ নিয়ে প্রতিবছর গণমাধ্যমে অসংখ্য খবরাখবর প্রকাশিত হয়, কৃষকরা ক্ষোভ-বিক্ষোভ করেন, প্রতিবছরই প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়, কিন্তু ঘটে না অবস্থার কোন গুণগত পরিবর্তন। আমরা জানি না পানি উন্নয়ন বোর্ড নিজেদের এই ব্যর্থতা ও দুর্নীতির পৌনপুনিকতা কোনদিন রোধ করতে পারবে কিনা।
আমাদের দেশে সরকারি কাজে কখনও জবাবদিহিতা নিশ্চিত করা হয় না। বরাদ্দকৃত অর্থ কোথায় কীভাবে খরচ করা হলো, আদৌ খরচ হয়েছে কিনা নাকি পুরো টাকাটাই কেউ উদরস্ত করে ফেলেছেন এ নিয়ে কর্তৃপক্ষীয় উদাসীনতা সীমাহীন। এই উদাসীনতা এবং কাজ না হওয়ার পিছনে যে বিশাল দুর্নীতি কাজ করে এটি এখন যেকোন শিশু মাত্রই জানে। এবার ফসল রক্ষা বাঁধ নির্মাণের বিষয়টি শুরু থেকেই প্রশ্নবিদ্ধ হয়েছে। ঠিকাদার নিয়োগ, কার্যাদেশ প্রদান এসব নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। কিন্তু অভিযোগের প্রেক্ষিতে নেই কোনই প্রতিকার। সুতরাং ফেব্র“য়ারি মাস গিয়ে মার্চ মাস চলে গেলেও বাঁধের কাজ শতভাগ শেষ হবে না, এ আর আশ্চর্য কি?
কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো একটি জেলার প্রধান ফসলটি যদি সরকারি কর্মচারী, ঠিকাদার ও তথাকথিত প্রকল্প কমিটির কারণে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে গিয়ে ধ্বংসপ্রাপ্ত হয় তাহলে এর প্রেক্ষিতে যে ভয়াবহ প্রতিক্রিয়া দেখা দিবে জেলার সামাজিক জীবনে তার মোকাবিলা কে কী ভাবে করবে? এই ভয়াবহ ভবিষ্যৎ দর্শন করে এলাকার কৃষকদেরই দুর্নীতির প্রতিকারে উদ্যোগী ভূমিকা গ্রহণ করতে হবে বলে আমরা মনে করি। যেসব জায়গায় বাঁধ নির্মাণের জন্য সরকারি অর্থ বরাদ্দ হয় তার পুরো হিসাব নেওয়ার অধিকার রয়েছে এলাকাবাসীর। কৃষকদের এই নাগরিক অধিকার বিষয়ে আরও সচেতন হতে হবে এবং নিজের স্বার্থে কাজের অগ্রগতি নিয়মিত তদারকি ও নজরদারি করতে হবে। জনগণের ভিতর থেকে এই সচেতনতা ও প্রতিরোধ জাগ্রত না হলে রাঘব বোয়ালদের হা গ্রাস থেকে কখনও রক্ষা পাবে না হাওরের ফসল। জনগণ সজাগ হলে সরকারি কিংবা অন্যান্য অঙ্গগুলোও সাবধান হতে বাধ্য। হাওরের ফসল রক্ষার জন্য আসা টাকা ব্যয়ের বিষয়ে গণ-তদারকি ব্যবস্থার প্রসার ঘটুক এই আমাদের কামনা।