স্টাফ রিপোর্টার
জেলা উন্নয়ন মেলায় সরকারি-বেসরকারি পর্যায়ে ৬৮টি প্রতিষ্ঠান অংশ নেয়ার কথা। সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী মেলায় নিলেও মেলায় অংশ নেয়নি সুনামগঞ্জ সরকারি কলেজ। মেলার প্রথম দিন মঙ্গলবার দুপুর আড়াইটায় সরেজমিনে মেলায় গিয়ে দেখা যায়, মেলার পূর্ব-দক্ষিণ দিনের সরকারি কলেজের নামে বরাদ্দকৃত স্টলটি ফাঁকা পড়ে রয়েছে। স্টলের ভেতর কেউ নেই। একটি টেবিল খালি, টেবিলের উপর একটি জালের ব্যাগ পড়ে রয়েছে। দুই পাশের স্টলগুলোতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নেয়ায় মাঝে সরকারি কলেজের বরাদ্দকৃত স্টলের জায়গাটুকু ফাকা থাকায় বিশ্রি দেখাচ্ছে।
আশপাশের স্টলের দায়িত্বপালনকারীদের কাছ থেকে জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই সরকারি কলেজের বরাদ্দকৃত স্টলটি ফাঁকা রয়েছে। কেউ এই স্টলের আসেনি।
এ ব্যাপারে সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন,‘ আমরা মেলায় অংশগ্রহণ করেছি, আমাদের স্টল ফাঁকা একথা সঠিক নয়। আমাদের শিক্ষকরা ডিজিটাল পদ্ধতিতে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের অংশ হিসাবে আমাদের উন্নয়ন কম্পিউটারের মাধ্যমে তোলে ধরেছেন।’ দুপুর আড়াইটায় কাউকে পাওয়া যায়নি এবং স্টল ফাঁকা থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,‘ এই সময় দুপুরের খাবারের সময় ছিল তাই হয়তো শিক্ষকরা একটু বাইরে ছিলেন। আমরা বিকালে ছিলাম।’