শহীদ নূর আহমেদ
সুনামগঞ্জ সরকারির কলেজ জেলার প্রধান উচ্চ বিদ্যাপীঠ। মহান মুক্তিযুদ্ধসহ এই এলাকার ইতিহাস ঐতিহ্যের সাথে জরিয়ে আছে কলেজ ক্যাম্পাস ও তৎকালীন ছাত্রদের আত্মত্যাগের কাহিনী। ১৯৭১ সালে পাক সেনাদের হাতে শহিদ হয়ে ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের ছাত্র তালেব, গিয়াস উদ্দিন ও জগৎজ্যোতি। কলেজ ছাত্র সংসদের উদ্যোগের ১৯৯১-১৯৯২ সালে কলেজ ক্যাম্পাসে তাঁদের স্মরণে নিমির্ত হয়েছিল একটি স্মৃতিফলক। এদিকে ১৯৯৪ সালে পরীক্ষায় নকল ধরার কারণে নকলবাজ ছাত্রের হাতে নিহত হন কলেজের শিক্ষক জয়ন্ত কুমার
দে রঞ্জু । সেভেন স্টার কর্তৃক ১৯৯৬ সালে তার স্মরণে একটি স্মৃতিফলক হিসেবে একটি মোমবাতি সদৃশ ফলক নির্মাণ করা হয়। এছাড়াও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো সরকারি কলেজের একটি শহীদ মিনার রয়েছে। এ নিয়ে কলেজ ক্যাম্পাসে তিনটি স্মৃতিফলক থাকলেও যথাযোগ্য মর্যাদা দেয়া হচ্ছে না সেগুলোকে।
বুধবার সরেজমিনে ঘুরে দেখা যায় স্মৃতিফলকগুলোতে ময়লা আবর্জনার স্তুপ। শহীদ তালেব, গিয়াস , জগৎজ্যোতির স্মৃতিফলকে রাখা হয়েছে ভাঙ্গা ও কাটা টিনের টুকরো। পাশে রয়েছে লতা পাতার স্তুপ, আছে পরিত্যক্ত বোতল। এদিকে শহীদ শিক্ষক জয়ন্ত কুমার দে রঞ্জুর স্মৃতিফলকের একই অবস্থা। মোমবাতি ফলকের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে পলিথিন, বোতল, সিগারেটের খালি প্যাকেটসহ নানা ময়লা আবর্জনা। কলেজ কিছু শিক্ষার্থীদের দেখা গেছে স্মৃতি ফলকের উপরে জুতা পায়ে বসে আড্ডা দিতে। এটি নিয়মিত বিষয় বলে জানিয়েছে কলেজের কয়েকজন সাধারণ শিক্ষার্থী। শহীদ মিনারের অবস্থাটিও একই রকম। পলিথিনের ব্যাগ, পরিত্যক্ত ব্যাগ, কাগজের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে শহীদ মিনারের আশে পাশে।
কলেজ কর্তৃপক্ষ ও কিছু শিক্ষার্থীর উদাসীনতায় এমনটা হচ্ছে বলে দাবি কলেজের সচেতন শিক্ষার্থীরা। তাই
শহীদদের স্মৃতির মর্যাদা অক্ষুন্ন রাখতে কলেজ কর্তৃপক্ষের দায়িত্বশীলতা আরো বাড়াতে হবে বলে দাবি তাদের।
এ ব্যাপারে সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস সত্তারের সাথে কথা হলে তিনি জানান, বাগানে পরিস্কারের কাজ চলছে তাই কিছু ময়লা পড়লেও পড়তে পারে। মোমবাতি স্মৃতি ফলকে উঠে আড্ডা না দেয়ার জন্যে
শিক্ষার্থীদের নির্দ্দেশনা দেয়া হয়েছে।