- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তুলুন

সুনামগঞ্জ সরকারি কলেজটি এতদঞ্চলের সবচাইতে বড় উচ্চ শিক্ষায়তন। এখানে অনার্সসহ কয়েকটি বিষয়ে মাস্টার্স পড়ানো হয়ে থাকে। সারা জেলার শিক্ষার্থী যারা বাইরে যেয়ে পড়াশোনা করতে সক্ষম হন না তাদের একমাত্র ভরসা এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটি। বলা বাহুল্য আমাদের সমাজে ধনবৈষম্যের যে প্রকট চিত্র বিদ্যমান তাতে অধিকাংশ অভিভাবকই নিজের সন্তানদের বাইরে পড়ানোয় অসমর্থ। এমন অবস্থায় সুনামগঞ্জ সরকারি কলেজের যেকোন নেতিবাচক সংবাদ আমাদেরকে ভীষণ ভাবে পীড়িত করে। শংকিত করে। শংকিত হওয়ার বেশ কিছু কারণও রয়েছে। ঐতিহ্যগতভাবে সুনামগঞ্জ দেশের যেকোন এলাকার তুলনায় শান্তি ও সম্প্রীতির এলাকা। এখানে ব্যক্তিক সামাজিক বা রাজনৈতিক বিরোধ এমন তুঙ্গে উঠে না যেখানে বড় ধরনের সংঘাত সংঘর্ষে পরষ্পরকে জড়িয়ে পড়তে হয়। জেলার এমন শান্তিপূর্ণ বৈশিষ্টের কারণে কলেজ ক্যাম্পাসও শান্তই থাকে। সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্র রাজনীতির জের ধরে বড় কোন দ্বন্দ্ব সংঘাত ঘটে নি। কিন্তু ছোটখাট কিছু ঘটনা আমাদেরকে আশংকিত করে এই না কলেজটির অভ্যন্তরীণ পরিবেশ নষ্ট হয়ে উঠে। কিছুদিন আগে কলেজের দুই ছাত্র কর্তৃক বখাটেপনা ও কলেজের এক কর্মচারীকে মারধরের ঘটনা সাম্প্রতিক সময়ে কলেজে আলোচিত। এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষ যে তদন্ত কমিটি গঠন করেছেন তারাও শক্ত কোন পদক্ষেপ নিতে দৃশ্যত এখন পর্যন্ত ব্যর্থ হয়েছেন। অভিযুক্ত দুই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনুরূপ ঘটনা প্রশ্রয় পেয়ে আরও ঘটতে পারে বলেই আশংকা সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের।
এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার সরকারি কলেজে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে ‘বখাটেপনা রোধ এবং শিক্ষার পরিবেশ সুষ্ঠু, সুন্দর ও স্বাভাবিক রাখার লক্ষে’ একটি মতবিনিময়সভা হয়ে গেল। সভায় প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শফিউল আলম উপস্থিত ছিলেন। গুটিকয়েক ছাত্র ও অছাত্র নামধারী সন্ত্রাসীদের কারণে শিক্ষার পরিবেশ বিঘিœত হওয়াসহ কলেজ অধ্যক্ষের নিয়মিত উপস্থিত না থাকার বিষয়ে গত ১১ জুন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে বলে সংবাদপত্রসূত্রে জানা যায়। মূলত ওই সভার সিদ্ধান্তের আলোকেই বৃহস্পতিবারের মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে। আমরা ধারণা করতে পারি যে ওই সভায় শিক্ষার পরিবেশ উন্নয়নকল্পে নিশ্চয়ই বেশ কিছু ভাল ভাল সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যদিও কলেজের অধ্যক্ষ নিজের অনুপস্থিতির বিষয়ে একটি ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেছেন। তিনি কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষের বাসভবন না থাকাকে একটি সীমাবদ্ধতা হিসেবে উল্লেখ করেছেন। আমরাও মনে করি অধ্যক্ষের সরকারি বাসভবন থাকা প্রয়োজন। সরকারের কাছে আমরা দাবি জানাই অধ্যক্ষের জন্য বাসভবন নির্মাণ করে দেয়ার। কিন্তু যতক্ষণ বাসভবন না হয় ততক্ষণ বাইরে কোথাও আবাসনের ব্যবস্থা করে একটি কষ্ট স্বীকার করে হলেও তাঁর নিয়মিত কলেজ ক্যাম্পাসে উপস্থিত থাকা দরকার। কারণ প্রতিষ্ঠান প্রধানের অনুপস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ বিলম্বিত হয়। তাছাড়া অন্যরাও তখন কিছুটা শ্লথ হওয়ার সুযোগ নিতে পারেন।
কলেজ ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে কলেজ কর্তৃপক্ষকে অবশ্যই কিছুটা কঠোর হতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক বলেছেন কলেজে উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রয়োজনে তারা পৃথক তদন্ত করবেন এবং আবারও এরূপ মতবিনিময় সভায় বসবেন। তাঁর এই বক্তব্যকে আমরা স্বাগত জানাই। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তা নিয়ে কলেজে যত ধরনের আইন-শৃঙ্খলাজনিত সমস্যা রয়েছে তার সবগুলোকে নির্মূল করা এখন কলেজ কর্তৃপক্ষের অন্যতম দায়িত্ব। আমরা আশা করি সকলের প্রচেষ্টায় এখানে শিক্ষার আদর্শ পরিবেশ গড়ে উঠবে।  

  • [১]