ধর্মপাশা প্রতিনিধি
সরকারি কাজে বাধা দেওয়া ও হামলার ঘটনায় ধর্মপাশা উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলামের দায়ের করা মামলার প্রধান আসামী এখনো ধরা ছোঁয়ার বাইরে। মামলা দায়ের করার মাসখানেক পেরিয়ে গেলেও পুলিশ প্রধান আসামী মধ্যনগর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পরিতোষ সরকারকে গ্রেফতার করতে পারেনি।
জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর পরিতোষ সরকার ও তার লোকজন সুনামগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনাধীন বাদে মধ্যনগর দিঘর জলমহালে অবৈধভাবে মাছ শিকার করছে বলে ইউএনওর কাছে অভিযোগ করেন জলমহালের ইজারাদার আরিফপুর মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবদুল আজিজ। অভিযোগের প্রেক্ষিতে ইউএনও মো.মামুন খন্দকার উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল আলমকে অবৈধভাবে মাছ শিকার বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিতভাবে নির্দেশ দেন। ৩ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মো. আশরাফুল আলম মধ্যনগর থানা পুলিশকে নিয়ে ওই জলমহালে
অভিযানে চালালে সেখানে মাছ শিকার করতে থাকা লোকজন তাদের ওপর হামলা চালায়। হামলায় মো. আশরাফুল আলমসহ মৎস্য কার্যালয়ের অফিস সহায়ক চয়ন আহত হন। এ ঘটনায় ৫ অক্টোবর মো. আশরাফুল ইসলাম পরিতোষ সরকারকে প্রধান আসামী করে ২২ জনের বিরুদ্ধে মধ্যনগর থানায় একটি মামলা করেন। তবে পরিতোষ সরকার দাবি করেছেন, এ ঘটনার সাথে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
মধ্যনগর থানার ওসি সেলিম নেওয়াজ বলেন, ‘এ মামলার চারজন আসামীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামীসহ অন্য আসামীরা পলাতক থাকায় গ্রেফতার করা যাচ্ছে না।’