- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক॥ জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলায় সুবিদ আলীকে তুলোধুনো করলেন এমপি মানিক

স্টাফ রিপোর্টার
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করায় সরকার দলীয় সাংসদ সুবিদ আলী ভূঁইয়া’র উপর ক্ষুব্ধ হলেন সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক। সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বুধবার রাতে এ ঘটনা ঘটে। এসময় সরকারি দলের অপর সদস্য নুরুল মজিদ হুমায়ুন মুহিবুর রহমান মানিককে সমর্থন করেন। এক পর্যায়ে সাংসদ মানিক ও হুমায়ুন মিলে সুবিদ আলীকে ভর্ৎসনা করেন। এঁদের সঙ্গে সুবিদ আলীর উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সাংসদ মানিক এবং হুমায়ুন- সুবিদ আলীকে বলেন,‘আপনি আওয়ামী লীগের আদর্শ ধারণ করেন না। কেবল সাংসদ হওয়ার সুযোগ নিতে তিনি এই দলে আছেন’।
বৈঠক সূত্র জানায়, সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে, এ নিয়ে সরকারি দলের মুহিবুর রহমান মানিক ও নুরুল মজিদ হুমায়ুনের সঙ্গে সুবিদ আলীর উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এক পর্যায়ে  উচ্চস্বরে কথা বার্তা শুরু হয়। পরে কমিটির সভাপতি শওকত আলীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে সুবিদ আলী তাঁর অবস্থানে অনড় থাকেন।
তবে সুবিদ আলী বিভিন্ন গণমাধ্যমকে বলেন, ‘বৈঠকে এ বিষয়ে  কোনো আলোচনা হয়নি। আলোচনা হয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও এসেনশিয়াল ড্রাগ কোম্পানি নিয়ে।
কমিটির সভাপতি শওকত আলী বলেন, সুবিদ আলী ভূঁইয়ার সঙ্গে অন্য সদস্যদের যে বিতর্ক হয়েছে, সেটা আলোচ্যসূচির বিষয় ছিল না। তাই বৈঠকের কার্যবিবরণী থেকে তা বাদ দেওয়া হবে।
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘আলোচনার একপর্যায়ে তিনি ইউজিসির চেয়ারম্যানের কাছে জানতে চেয়েছিলেন ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকাশিত স্মরণিকায় জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। শিক্ষামন্ত্রীর মতে, বিশ্ববিদ্যালয় স্বায়ত্বশাসিত হওয়ায় তাঁদের হস্তক্ষেপের সুযোগ নেই। কিন্তু ইউজিসি তো এ বিষয়ে ব্যাখ্যা চাইতে পারে’।
মুহিবুর রহমান মানিক বলেন, ‘আলোচনার এই পর্যায়ে ইউজিসির  চেয়ারম্যান কিছু বলার আগেই সুবিদ আলী বলে ওঠেন জিয়াই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। এটা তিনি তাঁর বইতেও লিখেছেন। পরে আমি ক্ষুব্ধ হয়ে বলি আপনারা দলে সুবিধা নেবার জন্য আছেন, দলের আদর্শ লালন করেন না। বঙ্গবন্ধুই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, এই সত্য আপনি কেন, কেউই মুছতে পারবে না’।
মুহিবুর রহমান মানিক জানান, তিনি সুবিদ আলীর এই দাবির তীব্র বিরোধিতা করলে নুরুল মজিদ হুমায়ুন, আবদুর রউফ ও নাভানা আক্তারও তাকে সমর্থন করেন।
জানা যায়, সংসদ সদস্যরা পরে সুবিদ আলীকে উদ্দেশ করে বলেন, ‘আপনি তো জিয়ারই সৈনিক। আপনার আসনে (কুমিল্লা-১) বিএনপির বড় নেতা মোশাররফ হোসেন। আপনি বিএনপির মনোনয়ন পান না। সাংসদ হওয়ার জন্য আপনি এখন আওয়ামী লীগের সঙ্গে আছেন’।

  • [১]