স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়, ছাতক বহুমুখি উচ্চ বিদ্যালয়, ধর্মপাশা জনতা উচ্চ বিদ্যালয় সরকারিকরণের লক্ষ্যে ইতোপূর্বে বেশ কয়েকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিবেদন চেয়েছেন এবং সরেজমিনে পরিদর্শন করেছিলেন। এসব প্রতিষ্ঠান সরকারিকরণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ওই তিনটি প্রতিষ্ঠান সরকারিকরণ হওয়ার পাশাপাশি জেলার আরো একটি বিদ্যালয় বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়টি সরকারিকরণ হচ্ছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিষয়টি উল্লেখ্য করা হয়েছে। এতে বিশ্বম্ভরপুরে খুশির জোয়ার দেখা দিয়েছে।
জানা যায়, জাতীয়করণের লক্ষ্যে বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়সহ দেশের ৭৯ মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ৭৯টি বিদ্যালয় জাতীয়করণের জন্য প্রাথমিক অনুমোদন দেন। শিক্ষা মন্ত্রণালয় ১৩ জুলাই স্কুলগুলোর নাম শিক্ষা অধিদপ্তরে পাঠিয়ে দেয়। অধিদপ্তর এই স্কুলগুলোতে সব ধরণের নিয়োগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে । প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করা হবে শিগগিরই। অধিদপ্তরের সহকারি পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস স্বাক্ষরিত একটি চিঠিতে একথা বলা হয়েছে।
জেলা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন,‘বৃহস্পতিবার শিক্ষামন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখতে পেয়েছি বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয় সরকারিকরণ হচ্ছে। ইতোপূর্বে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়, ছাতক বহুমুখি উচ্চ বিদ্যালয়, ধর্মপাশা জনতা উচ্চ বিদ্যালয় সরকারিকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেশ কয়েকবার প্রতিবেদন চেয়েছেন এবং সরেজমিনে পরিদর্শন করেছিলেন। সেগুলি অনেক আগেই প্রক্রিয়াধীন হয়েছে।’