- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সরকারি হাসপাতালে চিকুনগুনিয়া সহায়তা কেন্দ্র

সু.খবর ডেস্ক
চিকুনগুনিয়া পরিস্থিতি মোকাবেলায় সব সরকারি হাসপাতালে হেল্প ডেস্ক বা সহায়তা কেন্দ্র চালু করা হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কয়েকটি হাসপাতালে এ কেন্দ্র ইতিমধ্যে চালু করা হয়েছে। পাশাপাশি চিকুনগুনিয়া আক্রান্ত রোগীদের শরীরের বিভিন্ন অস্থি-সন্ধির ব্যথা প্রশমনে প্রত্যেকটি হাসপাতালে প্রয়োজনে জয়েন্ট পেইন ক্লিনিক বা অর্থালজিয়া ক্লিনিক খোলা হবে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ বিষয়ে দ্রুত এ সেবা সহায়তা কেন্দ্র চালু করতে স্বাস্থ্য অধিদফতরকে নির্দেশ দিয়েছেন। এর প্রেক্ষিতে রবিবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সব হাসপাতালের পরিচালক, বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনদের কাছে স্বাস্থ্যমন্ত্রীর ওই নির্দেশনা পৌছে দিয়েছেন। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে চিকুনগুনিয়া পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্বাস্থ্য অধিদফতরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে পাবলিক হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার বা চিকুনগুনিয়া নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছিল। এছাড়া সার্বক্ষণিক চিকুনগুনিয়া পরিস্থিতি         
পর্যবেক্ষণের জন্য একটি ওয়ার্কিং গ্রুপও গঠন করা হয়েছে।
পাশাপাশি চিকিৎসক ও সাধারণ জনগণের এ সংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য সার্বক্ষণিক হটলাইন চালু করা হয়েছে। ০১৯৩৭-১১০০১১, ০১৯৩৭-০০০০১১ ফোন করে চিকুনগুনিয়া আক্রান্তরা স্বাস্থ্যবিষয়ক পরামর্শ নিতে পারবেন। এছাড়া চিকুনগুনিয়া সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য www.iedcr.gov.bd লিংকটি ভিজিট করার জন্য স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

  • [১]