স্টাফ রিপোর্টার
নির্বাচনে ভোট দেওয়া না দেয়ার জের ধরে সরকারী সড়কে চলাচলে বাধার সৃষ্টি করে সুরমা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৩০ গ্রামের মানুষকে জিম্মি করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন যাবত এই সমস্যা সমাধানের চেষ্টায় ব্যর্থ হয়ে রবিবার সকালে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কেন্দ্রে ভোট কম পাওয়ায় পরাজিত প্রার্থী আমির হোসেন রেজা ও তাঁর কর্মী সমর্থকরা ২৪ এপ্রিল থেকে সরকারী সড়কে জনচলাচলে বাধার সৃষ্টি করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই সড়কে লোক চলাচলও এখন বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সৈয়দপুর গ্রামবাসী।
রবিবার এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট করা আবেদনে উল্লেখ করা হয়,‘সদর উপজেলার সুরমা ইউনিয়নে ২৩ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২৪ এপ্রিল সকাল থেকে ইব্রাহীমপুর-ডলুরা সরকারী সড়কে চলাচলকারী মানুষকে আমির হোসেন রেজা ও তার ঘনিষ্টরা নানাভাবে হয়রানি করে আসছেন। শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের পাশাপাশি প্রতি মোটর বাইক থেকে ২০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা দিতে না চাইলে মারপিটও করা হচ্ছে।
এই অবস্থার অবসানের জন্য আমির হোসেন রেজার সাথে যোগাযোগ করে ৩০ গ্রামের পক্ষ থেকে আলোচনার চেষ্টা চালানো হয়। কিন্তু তাও হয়নি। এই অবস্থায় স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের চাকুরীজীবি, রোগী, সবজি ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ীসহ উত্তর পাড়ের নানা শ্রেণীপেশার প্রায় ৫০ হাজার মানুষ বিপাকে পড়েছেন।’
সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে. এম. শামসুল আলম রাসেল বলেন, ‘সুরমা উত্তরপাড়ের লক্ষাধিক মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। এটা সরকারী সড়ক, এটার প্রস্ত ৪০ ফুট। নির্বাচনী সহিংসতার জের ধরে সড়কে মানুষের চলাচলে বাধা দেয়া হচ্ছে’।
জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকশেদ আলী বলেন, ‘নির্বাচনের পর থেকে এই সড়কে চলাচলে বাধার সৃষ্টি করে আসছেন রেজা সাহেবের লোকজন। এই সমস্যার অবসানের জন্য ইতিমধ্যে অনেক চেষ্টা চালানো হয়েছে। কিন্তু কোনো ফল আসেনি।’
সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছত্তার বলেন, ‘নির্বাচন করেছি আমরা। সড়ক বন্ধ হলো এলাকাবাসীর। যারা সড়কে চলাচলে বাধা দেয়, এরা বিবেকহীন। এই সমস্যা নিরসনের জন্য আজ (রবিবার) জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করা হয়েছে। সদর আ. লীগের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেনও আবেদনে স্বাক্ষর করেছেন। আমরা সবাই চাই এটার সমাধান।’
আমির হোসেন রেজা এ প্রসঙ্গে বলেন,‘ইব্রাহিমপুর-সৈয়দপুর মৌজার সীমানাতে মোবারকের বাগানের পাশে বাঁশ দিয়ে আটকিয়ে মানুষকে নৌকায় শহরে যাবার জন্য বাধ্য করা হয়। সৈয়দপুর গ্রামের দুটি পরিবার এই কাজ করে মূলত. নৌকা থেকে চাঁদাবাজি করেছে। আমি চেয়ারম্যান পদে গত নির্বাচনে সৈয়দপুরে ৩০০ ভোট পেয়েছি। এর আগের নির্বাচনে মাত্র ২৯ ভোট পেয়েছিলাম। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে’।