সু.খবর ডেস্ক
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে মিলে বিএনপির নেতার সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। আজ শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সভায় হান্নান শাহ এ দাবি করেন। গাজীপুরের বরখাস্ত মেয়র এম এ মান্নানের মুক্তির দাবিতে ওই সভার আয়োজন করা হয়। ‘সচেতন নাগরিক ফোরাম, গাজীপুর মহানগর’ নামের একটি সংগঠন ওই সভার আয়োজন করে।
হান্নান শাহ বলেন, বিএনপিকে নেতৃত্বশূন্য করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা দিচ্ছে। মামলা দিয়ে, জেলে নিয়ে বিএনপির নেতৃত্ব দাবিয়ে রাখা যাবে না। বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে ‘অন্যায়’ কোনো কিছু হলে তৃণমূলের নেতা-কর্মীরা বসে থাকবেন না। তিনি সরকারকে ভেবেচিন্তে কাজ করার পরামর্শ দেন।
বিএনপির যুগ্ম মহাসচিব এম আসলাম চৌধুরী ইসরায়েলি রাজনীতিক মেন্দি এন সাফাদির সঙ্গে ভারতে বসে সরকার উৎখাতের লক্ষ্যে বৈঠক করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। আসলাম চৌধুরীকে ইতিমধ্যে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।
ওই অভিযোগ মিথ্যা দাবি করে হান্নান শাহ বলেন, বলা হচ্ছে, ভারতের মাটিতে বসে ষড়যন্ত্র হয়েছে। ভারত বাংলাদেশের বর্তমান সরকারের সবচেয়ে বড়, বলা যায় একমাত্র নির্ভরযোগ্য সমর্থক। বিএনপির এই নেতা প্রশ্ন রাখেন, তাদের মাটিতে বসে এই ষড়যন্ত্র হয়ে থাকলে বাংলাদেশ সরকার ভারতের কাছে জিজ্ঞাসা করল না কেন বা কূটনৈতিক প্রতিবাদ কেন করা হলো না।
গোয়েন্দা বিভাগে নিজের কাজ করার অভিজ্ঞতা আছে জানিয়ে সাবেক সেনা কর্মকর্তা হান্নান শাহ বলেন, সেমিনার করে, ছবি তুলে গোয়েন্দারা এ ধরনের কাজ করে বলে তাঁর জানা নেই।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম, সাবেক মহিলা সাংসদ সৈয়দা আশিফা আশরাফি প্রমুখ বক্তব্য দেন।