স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেছেন, আমি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কয়েকটি বার্তা দিতে এসেছি। আমাকে সিলেট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি নেত্রীর প্রতিনিধি হিসেবে হাজির হয়েছি। আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগকে অতীতের চেয়ে আরো অনেক সমৃদ্ধ ও শক্তিশালী করতে হবে। তাই সিলেট বিভাগের সংগঠনকে তৃণমূল পর্যায়ে একটি সুসংগঠিত রূপ দিতেই আজকে এসেছি। অতীতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের চেহারা কী ছিলো এটি আজকে ভাবার বিষয় নয়। অতীতে এই সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ব্যানার ব্যবহার করে কোন যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ কোথায় কি অপকর্ম করেছে এদিকে আর যেতে চাই না। আগামীতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগে চলন, আচরণ কেমন হবে এটি বলতে এসেছি।
তিনি বলেন, অনেক সময় গড়িয়ে গেছে, বহমান ¯্রােতে অনেক পানি গড়িয়ে গেছে। সময়ের প্রয়োজনে সময়ের বিবর্তনে আধুনিকতার প্রয়োজনে সকল ক্ষেত্রে সংশোধন সংযোজন প্রয়োজন হয়। আমাদের নেত্রী প্রেস ও ইলেকট্রিক মিডিয়াকে বলেছিলেন দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। এই সরকারের প্রধান লক্ষ্য হলো দুর্নীতিমুক্ত বাংলাদেশ। শুধু বলতে চাই অতীতে যা হয়েছে তো হয়েছে নতুন করে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে দুর্নীতি, মাদক, জমি দখল করবেন না।
মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক শাহ আবু নাসের’র সঞ্চালনায় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, অবনি মোহন দাস, অ্যাডভোকেট শফিকুল আলম, অ্যাডভোকেট ড. খায়রুল কবির রুমেন পিপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু রায়, অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।