স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহ্ বলেছেন, ‘সরকারের বহুমুখী উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। দেশে ধনী-গরিবের বৈষম্য দূর হবে অচিরেই। ২০১৮ সালের ভেতরে বিদ্যুতের আলোয় আলোকিত হবে সারা দেশ। এখন অসচ্ছল ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে সোলার বিদ্যুৎ প্রদান করা হচ্ছে। শিক্ষার হার বৃদ্ধিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হচ্ছে। প্রতিবন্ধীদের ভাতা দেয়া হচ্ছে। বয়স্ক ভাতা দেয়া হচ্ছে। বিধবা ভাতা দেয়া হচ্ছে। কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা সেবার উন্নয়নে ৩০ রকমের ওষুধ বিনামূল্যে দেয়া হচ্ছে। মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য সরকার বহুমুখি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছেন।’
মঙ্গলবার সকালে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে প্রধানমন্ত্রী “শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ব্রান্ডিং” বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘আগে বলা হতো এদেশ তলা বিহীন ঝুড়ি। এখন আর্ন্তজাতিক সংস্থাগুলো বলছে, বাংলাদেশ সম্ভাবনাময় দেশ। আমাদের স্বপ্ন পূরণের জন্য সরকার কাজ করে যাচ্ছে। মানুষের জীবনমানের উন্নয়ন হচ্ছে। এটা যাচাই করতে গবেষণার প্রয়োজন হয় না, খালি চোখে দেখলেও খোঁজে পাওয়া যায়। এখন নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। অচিরেই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত করবো। তিনি বলেন, ‘আগে আমাদের কাছে মানুষ রিলিফের চাউলের জন্য আসতো, এখন আসেন রাস্তা-ঘাটের উন্নয়নের জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণের জন্য, বিদ্যুতায়নের জন্য। এখন ডিজিটাল পদ্ধতিতে নাগরিক সেবা প্রদান করা হচ্ছে। ’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী। সভ্য়া সরকারের বিশেষ প্রাধিকার কর্মসূচী একটি বাড়ি একটি খামারসহ নানা উদ্যোগের বিষয়ে বিস্তারিত তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লা, বিআরডিবির উপ-পরিচালক মো. শামছুল ইসলাম, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল হক মোল্লা, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী ফৌজিয়ারা বেগম শাম্মী প্রমুখ। সভা পরিচালনা করেন তথ্য অফিসের মো. শরীফ উদ্দিন।
এদিকে মঙ্গলবার বিকালে সদর উপজেলার মোল্লাাপাড়া ইউনিয়নের বেতগঞ্জ-জালালপুর রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেছেন এমপি অ্যাড. পীর ফজলুর রহমান মিসাবহ। আন্তর্জাতিক সংস্থা জাইকার সহযোগিতায় সদর উপজেলা স্থানীয় সরকার বিভাগ এই কাজটি বাস্তবায়ন করছে। পৌনে এক কিলোমিটার রাস্তা সংস্কারে ৪৪ লাখ টাকা ব্যয় করা হবে।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা এলজিডি কর্মকর্তা মো.আনোয়ার হোসেন,জেলা জাতীয় পার্টি নেতা রশিদ আহমদ,হাজী হেলাল,সৈয়দ মনোয়ার,বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির,মো.সাজিদুর রহমান,ইউপি সদস্য রওশন আরা প্রমুখ।