শাহ্রিয়ার সুমন ও দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন,‘সরকার নারীদের কার্যক্রম ও কর্মসংস্থান নিশ্চিত করতে আন্তরিক, বর্তমান প্রধানমন্ত্রী মহিলাদের উচ্চাসনে বসাতে চান, নারীদের নানা উদ্যোগেও তিনি সহযোগিতা করতে চান, ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে নারীদের সকল প্রকার ব্যবসা-বাণিজ্যে সহজ শর্তে ঋণ দিতেও সরকার প্রস্তুত। তবে আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে, যারা আমাদের পেছনের দিকে নিয়ে যেতে চায় তাদের বিষয়ে, তারা যাতে আমাদের দেশটাকে আফগানিস্তানের মতো ধ্বংসের দিকে না নিয়ে যেতে পারে, সেই বিষয়টি সব সময় মাথায় রাখতে হবে’।
বুধবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এসএমই ফাউন্ডেশন’র উদ্যোগে বিউটিশিয়ান ও পার্লার ব্যবস্থাপনার উপর ৫ দিন ব্যাপি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবার সময় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন-‘বাঙালি বীরের জাতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি স্বাধীনতা অর্জন করেছে, অর্থনৈতিক মুক্তির সগ্রামেও বাঙালি বিজয়ী, অন্ন, বস্ত্র, শিক্ষা-বাসস্থান এ নিয়ে বাঙালির দুশ্চিন্তা নেই’। তিনি বলেন,‘বাংলাদেশেরই কিছু লোক এই সাফল্যকে মেনে নিতে পারে না, এরা এখন জনবিচ্ছিন্ন’।
জাতীয় মহিলা সংস্থার সভাপতি ফৌজিআরা বেগম শাম্মীর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য দেন- এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা এসএম শাহীন আনোয়ার, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা প্রমুখ। কর্মশালায় ৩০ জন বিউটিশিয়ান অংশগ্রহণ করেন।
এদিকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন,‘আমরা সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি, বিশেষ করে গ্রামের গরিব ও হতদরিদ্র মানুষের উন্নয়ন ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করছি। আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছে। সেই উন্নয়নের ধারাকে এ দেশের জনগণকেই অব্যাহত রাখতে হবে। তাহলেই আমরা মধ্যম আয়ের দেশ গড়তে পারবো।’
বুধবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলার দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ৭৫টি নলকূপ’র কার্যাদেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইবাদত হোসেন’র সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ লায়েছ মিয়া তালুকদার’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রুবিনা বেগম, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, থানার ওসি আল-আমিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হাজী তহুর আলী, সহ সভাপতি মাওঃ আব্দুল কাইয়ূম, সাধারণ স¤পাদক আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাষ্টার আতাউর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পশ্চিম বীরগাও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পুর্ববীরগাও ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান, পুর্বপাগলা ইউপি চেয়ারম্যান রফিক খান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. নূর হোসেন প্রমুখ।