শহীদ নূর আহমেদ
প্রতিবেদন প্রকাশের একদিন পর সরানো হয়েছে শহরের লবজান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের উপর দিয়ে নেয়া পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ হাজার কেভি ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইন। বিদ্যুৎ লাইন সরানোর পর পর শুরু হয়েছে বিদ্যালয় ভবনের অসমাপ্ত কাজ। গত রবিবার “লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবনের কাজ বন্ধ” শিরোনামে দৈনিক সুনামগঞ্জের খবরে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সোমবার দুপুরে নির্মাণাধীন ভবন থেকে কয়েক ফুট পশ্চিমে একটি খুঁটি স্থাপন করে এই বিদ্যুৎ লাইন সরিয়ে নিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ। ভবনের উপর থেকে বৈদ্যুতিক লাইন সরিয়ে নেয়ায় ভবন নির্মাণের কাজ চালু করতে পেরে পল্লী বিদ্যুৎ সমিতিকে ধন্যবাদ জানান লবজান চৌধরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল সত্তার। বৈদ্যুতিক লাইনটি তুলনামূলক আরো দূরত্বে সরিয়ে নিলে ঝুঁকি কমবে বলে ধারণা তার। নিরাপদ দূরত্বে লাইনটি স্থানান্তর করতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করেছেন তিনি।
পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত জিএমের দায়িত্বে থাকা জাহিদুল ইসলাম বলেন, বিদ্যুৎ লাইন সম্পর্কে প্রতিবেদন প্রকাশের পর আমরা গুরুত্ব সহকারে বিষয়টি দেখি। পরের দিনই একটি খুঁটি স্থাপন করে ভবনের উপর থেকে লাইনটি নিরাপদ দূরত্বে সরিয়ে নেই।
উল্লেখ্য উপজেলা বরাদ্দে ২০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি নতুন ভবন। ভবনের উপর দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ হাজার কেভি লাইন যাওয়ায় বিদ্যুৎ লাইনের বাধায় কয়েক মাস ধরে বন্ধ ছিল ভবনের নির্মাণ কাজ।