- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সর্বদলীয় সভা ডেকে সংকট সমাধান করুন: হান্নান শাহ

সু.খবর ডেস্ক
দেশের সকল ‘সঙ্কট’ সমাধান ও জনগণের অধিকার নিশ্চিত করার জন্য সরকারকে অবিলম্বে সর্বদলীয় সভা ডাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য  আ স ম হান্নান শাহ। তিনি বলেন, ‘এখনো সময় আছে। আলোচনা করে একটি জাতীয় গাইডলাইন তৈরি করুন, যাতে দেশে আর হানাহানি ও সহিংসতা না হয়।’ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘স্বাধীনতা ফোরাম’ আয়োজিত এক প্রতিবাদী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির সহ- স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, জাতীয়তাবাদী কৃষক দলের সহ-দপ্তর সম্পাদক এসকে সাদী, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন।
হান্নান শাহ বলেন, ‘অনেকে বলছেন, বিএনপির চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জন করা উচিত। সরকার তখন আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে বলবে আগের নির্বাচনে (দুই ধাপ) যত গন্ডগোল ও সহিংসতা হয়েছে সেগুলো বিএনপি করেছে। আর এখন কত ফরফুরা,ভাল নির্বাচন হয়েছে।’
তিনি বলেন, ‘ইতোমধ্যে প্রমাণিত হয়ে গেছে,ভোট ডাকাত কারা? তারা ধানের শীষ ও জনগণের ভোট ডাকাতি করে নিয়ে যাচ্ছে। এই সরকারের কৃপায় আমরা দেখেছি- অন্য সময়ে ভোট জালিয়াতি দিনে বেলায় হতো। আর এখন দেখা যাচ্ছে, আগের রাতেই ভোট হয়ে যাচ্ছে। ব্যালট বাক্স ভরে ফেলা হচ্ছে। এই সরকারের এটিও একটি উপহার।’
হান্নান শাহ বলেন, ‘বিএনপি যদি এখন নির্বাচন বর্জন করে তাহলে বাকি ধাপগুলোতে আওয়ামী লীগের পোয়াবারো হবে। তাই নির্বাচন বর্জন করা হবে না। প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করে সরকারের কুৎসিত-সন্ত্রাসী-গণবিরোধী চেহারা জনসম্মুখে আনা হবে।’

  • [১]