- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাংবাদিকতার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম

জগলুল আহমেদ চৌধুরী
মকবুল হোসেন চৌধুরী। নামটি শুধু আমার কাছেই নয়, অনেকের কাছেই বেশ পরিচিত। বিশেষ করে অর্ধ শতাব্দীরও পূর্বে যাঁদের নাম সাংবাদিকতার ক্ষেত্রে গৌরবের সাথে উচ্চারিত হতো, তিনি তাঁদের অন্যতম। প্রকৃতপক্ষে মকবুল হোসেন চৌধুরী আরও পূর্বে উপমহাদেশের এই অঞ্চলের এই সাংবাদিকতার পরিমন্ডলে বিচরণ করেছেন, কলকাতা ও সিলেটের সংবাদপত্রের জগতে সদর্পে পদচারণা করেছেন। সত্যি বলতে কি, আমার বয়স এবং অভিজ্ঞতার মানুষের পক্ষে তাঁর মতো ব্যক্তিত্বকে জানার অবকাশই ছিল না। এমনকি জনাব চৌধুরীকে দেখারও আমার সুযোগ হয়নি। তবে তাঁর কথা শুনেছি, তাঁর সম্পর্কে জেনেছি ভিন্নভাবে। যদিও আমার মতো মানুষের পক্ষে মকবুল হোসেন চৌধুরীর বিভিন্ন দিক পরিমাপ করার প্রয়াস অনেকটা আস্পর্ধার মতোই বলে আমার মনে হচ্ছে, তথাপি তাঁকে নিয়ে লেখার এই ক্ষুদ্র প্রচেষ্টা ও শ্রদ্ধাবোধ থেকেই উৎসারিত।  
আমি সাংবাদিকতায় এসেছি সত্তরের শেষ দিকে অর্থাৎ ৩৭/৩৮ বছর পূর্বে। তখনও বর্ষীয়ান সাংবাদিক লেখক সম্পাদকের একটা জেনারেশন নি:শেষ হয়ে যায়নি এবং তাঁদের নাম উচ্চারিত হতো গভীর অনুরাগ এবং শ্রদ্ধার সাথে। মাওলানা আকরাম খাঁ, আবুল কালাম শামসুদ্দীন, আবুল মনসুর আহমেদ, জহুর হোসেন চৌধুরী, আব্দুস সালাম, তফাজ্জল হোসেন (মানিক মিয়া)-র মতো প্রথিতযশা সাংবাদিকরা তাঁদের পেশাগত ত্যাগ, দক্ষতা এবং একাগ্রতা দেখিয়ে যে পথ রচনা করেছেন, আমরা সেই আলোকরশ্মিও ছিটেফোঁটায় উদ্ভাসিত হবার চেষ্টাটা করছি। জাতীয় পর্যায়ে এবং বড় বড় শহর চট্টগ্রাম, সিলেট এবং খুলনায় অনেক অভিজ্ঞ এবং বর্ষীয়ান সম্পাদক সাংবাদিক আমাদের পথ চলার উদ্দীপ্ত উৎসাহ হয়েই কাজ করেছেন। তাঁদের আমরা দেখেছি, তাঁদের সম্পর্কে ধারণা হয়েছে আমাদের মতো সাংবাদিকতা পেশায় নবাগতদেও মাঝে। মকবুল হোসেন চৌধুরীদের জেনারেশন আরও কিছুটা পূর্বের। সেই ধারার সাথে আমাদের পরোক্ষভাবেও সম্পৃক্ত হরার সুযোগ ছিল না।
তবে, ইতিহাস কথা বলে, আর সেই প্রক্রিয়ায়ই আমাদের জানতে হয়েছে সেই পেশার অনেকের কথা। জনাব মকবুল হোসেন চৌধুরী তাঁদের অন্যতম। তিনি পরলোক গমন করেছেন সেই ১৯৫৭ সনে। কিন্তু মৃত্যুর পূর্বে তিনি এই অঞ্চলের সাংবাদিকতার পরিসরে স্বীয় বৈশিষ্ট্যেও একটি স্থায়ী স্থান করে নিয়েছেন। কলকাতার  ‘ছোলতান’  পত্রিকার সম্পাদক ছিলেন। সিলেটের ‘যুগবাণী’ এবং পরে ‘যুগভেরী’ কাগজের সম্পাদনা করে গিয়েছেন অসাধারণ দক্ষতা নিয়ে। এই ‘যুগভেরী’ কাগজটির স্থাপনা পিছনে মূল শক্তি হয়ে কাজ করেছিলেন মরহুম আব্দুর রশীদ চৌধুরী, যিনি আসাম সভার সদস্য ছিলেন। বাংলাদেশের কৃতী সন্তান মরহুম স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী তাঁরই সুযোগ্য পুত্র। আব্দুর রশীদ চৌধুরীর স্ত্রী মরহুমা সিরাজুন্নেসা চৌধুরীও ছিলেন পার্লামেন্টারিয়ান। তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন। সিলেটের ‘যুগভেরী’ সেই সময় এই অঞ্চলে একটি খ্যাতনামা সংবাদপত্র হিসেবে পরিচিত ছিল। জনাব মকবুল হোসেন চৌধুরীর অক্লান্ত পরিশ্রম এবং পেশাগত নিষ্ঠাই এর অন্যতম  
কারণ বলেই পড়েছি এবং শুনেছি।
এখানে আমার কিছুটা ব্যক্তিগত পরিচিতি চলে আসছে অত্যন্ত প্রাসঙ্গিকভাবে। আমার বাবা নাসির উদ্দীন চৌধুরী জনাব মকবুল হোসেন চৌধুরীর বন্ধু ছিলেন। আমার আইনজীবী বাবা শিলং-সিলেট-হবিগঞ্জ হয়ে ঢাকায় এসে নোঙ্গর গেড়েছিলেন। রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং আসাম আইনসভার সদস্য এবং পরে সাবেক পূর্ব পাকিস্তানের যুক্তফ্রন্ট মন্ত্রিসভার আইনমন্ত্রী ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি বিচিত্রধর্মী কর্মক্ষেত্রে সক্রিয় ছিলেন মকবুল হোসেন চৌধুরী। কারাবরণও করেছেন। স্বীকৃতিতে পেয়েছেন জনপ্রিয়তা। আসাম আইনসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। আমি বাবার কাছে তাঁর গল্প শুনেছি; শ্রদ্ধাভরে তাঁকে স্মরণ করেছেন।
ঘটনাচক্রে আমার শ্বশুরের সাথেও জনাব মকবুল হোসেন চৌধুরীর আন্তরিকতা এবং গভীর পরিচিতি ছিল এবং সেটা কলকাতায় যখন তিনি ‘ছোলতানে’র সম্পাদক ছিলেন। আমার শ্বশুর হাবীবুল্লাহ বাহার সাহিত্যিক-সাংবাদিক ছাড়াও রাজনীতি করতেন এবং কলকতা মোহামেডান ক্লাবের ক্যাপ্টেন ছিলেন। কলকাতায় সেই সময় সাংবাদিক সাহিত্যিকদের আড্ডায় মকবুল হোসেন চৌধুরী-হাবীবুল্লাহ বাহাররা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সহ অনেক খ্যাতিমান বুদ্ধিজীবীদের সাথে আলোচনা আড্ডায় সঙ্গী ছিলেন।
মকবুল হোসেন চৌধুরীর সেই কঠিন সময়ে অসংখ্য সীমাবদ্ধতার মাঝেও সাংবাদিকতার যে উন্মেষ সুষ্টি করে গেছেন, সেই ধারাবাহিকতাই বর্তমানে আধুনিক যুগের সাংবাদিকতা নীতিগতভাবে এবং দুষ্টিভঙ্গিতে সমৃদ্ধ হয়েছে এবং হচ্ছে। তাই তাঁরা প্রবাদ পুরুষ। আমাদের আজকের পেশার সোপান তারাই চরনা করে গেছেন। এই প্রেক্ষাপটে সিলেটের দীর্ঘদিন, বিশেষ করে শববর্ষের সাংবাদিকতা নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু উল্লেখ করা অত্যন্ত প্রাসঙ্গিক। বৃহত্তর সিলেট অঞ্চলের স্বকীয়তা এবং স্বাতন্ত্র্য নিয়ে দ্বিমতের কোন অবকাশ নেই। রাজনৈতিক, ভৌগলিক এবং সামাজিক বিবর্তনের মাঝ দিয়েই গড়ে উঠেছে বিচিত্রধর্মী এই স্বকীয়তা, যার চরিত্র অন্যান্য অঞ্চল থেকে সন্দেহতীতভাবে ভিন্ন। স্বাধীন বাংলাদেশে সিলেট অঞ্চলের বৈচিত্র্য অস্বাভাবিক কিছু নয়। চড়াই-উতরাই পার হয়েই আপন মহিমায় ভাস্বও হয়েছে সিলেটের ঐতিহ্যবাহী ধারাবাহিকতা। সেই ব্রিটিশ আমল থেকে বিভিন্ন পর্যায়ে এই অঞ্চল আবির্ভূত হয়ে স্বীয় গতিতে এবং এই বিচিত্রমুখী ইতিহাসের অবিচ্ছেদ্য উপাদান সমৃদ্ধ হয়েছে কালের গতির সাথে সামঞ্জস্য রেখে এবং সে কারণে সিলেটের ইতিহাসের প্রতি রয়েছে অনেকের আগ্রহ এবং সীমাহীন কৌতুহল। সিলেটের ‘গণভোট’ এবং পরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এই অঞ্চলের গৌরবোজ্জ্বল ভূমিকা সেই ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায় হয়েই বিরাজ করেছে। সে কারণে ‘সিলেটিদের’ রয়েছে একটা স্বতন্ত্র পরিচিতি এবং গর্ববোধ যা অনেকাংশে অন্যদের চেয়ে আলাদা।
আর এই আবয়বে এই অঞ্চলের গত শতবর্ষের ইতিহাসে অসামান্য অবদান রেখেছেন প্রথিতযশা সাংবাদিক-সাতিত্যিকরা। গৌরিশঙ্কর ভট্টাচার্য্য, বিপিনচন্দ্র পাল, মকবুল হোসেন চৌধুরী, ফজলুল হক সেলবর্ষী, লীলা নাগ, সৈয়দ মুজতবা আলী, আলতাফ হোসেন, তাসাদ্দুক আহমেদ, আমীনূর রশীদ চৌধুরী এবং এস এম আলী প্রমুখ খ্যাতানামা ব্যক্তিদের অন্যতম। এদের মাঝে কেউ কেউ সিলেটের পরিম-ল ছাড়াও অনেক বৃহত্তর পরিসরে সরবে পদচারণা করেছেন। মকবুল হোসেন চৌধুরী শুধু সিলেটেই নয়, কলকাতার সাংবাদিক মহলও আলোকিত করেছেন।
তাঁর দুই পুত্র কৃতী সাংবাদিক পিতার সুযোগ্য সন্তান হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। দ্বিতীয় পুত্র হোসেন তওফিক চৌধুরী দীর্ঘদিন জাতীয় দৈনিক ‘পূর্বদেশ’ এ সক্রিয় সাংবাদিকতার সাথে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে আইন পেশার সাথে নিয়োজিত হলেও সাংবাদিকতা তাঁকে ছাড়েনি এবং তিনিও এর বাইরে নন। ছোট ছেলে হাসান শাহরিয়ারের সাংবাদিকতার পরিচিতি আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত হয়েছে। তিনি জাতীয় প্রেসক্লাবের সভাপতি ছিলেন। বর্তমানে বিশ্বব্যাপী কমনওয়েথ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি। প্রথমবার কোনো অস্ট্রেলেশীয় এই পদ অলংকৃত করেছেন। বড় ছেলে মরহুম ফারুক চৌধুরী ভাষা সৈনিক ছিলেন। মকবুল হোসেন চৌধুরীর পদাঙ্ক অনুসরণ করেই তারা এ পর্যন্ত যেতে পেরেছেন। জনাব চৌধুরীর সাংবাদিকতার নিষ্ঠা আরও অনেককে অনুপ্রাণিত করুক, এটাই আমাদের প্রত্যাশা।
লেখক: একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক ছিলেন। “কালের দর্পনে সাংবাদিক রাজনীতিবিদ মকবুল হোসেন চৌধুরী ” স্মারক গ্রন্থ থেকে লেখাটি সংকলিত।

  • [১]