স্টাফ রিপোর্টার
‘প্রয়াত সালেহ চৌধুরীর জীবন ছিল বর্ণাঢ্য। একাধারে ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বরেণ্য সাংবাদিক, বিশিষ্ট কলাম লেখক, চিত্রশিল্পী, সংগঠক, সমাজসেবক ও পরোপকারী। অসামান্য বুদ্ধিদীপ্ত, সৃজনশীল ও সাহসী মানুষ ছিলেন সালেহ চৌধুরী। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে তার অবাধ বিচরণ ছিল। জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ শ্রদ্ধার সঙ্গে তাকে ‘নানাজী’ বলে সম্বোধন করতেন। তিনি ছিলেন হুমায়ূন আহমেদের প্রধান পৃষ্ঠপোষক। একসময় কবিতা লিখতেন। ছবি আঁকতেন। পত্রপত্রিকার জন্য কার্টুন আঁকতেন। শিশুদের জন্য ছড়া লিখেছেন। দাবার সঙ্গে তাঁর আজীবন সখ্য। খেলতেন না কেবল, দাবারু বানাতেনও। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদকে গড়ে তুলতে তাঁর ভূমিকা অনেকেরই জানা। বলতে গেলে গোটা জীবনই সাংবাদিকতা আর শিল্পসাহিত্যের ভুবনে ডুবে ছিলেন তিনি।
সুনামগঞ্জের কৃতি সন্তান, মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। মঙ্গলবার রাত ৮ টা থেকে সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তারা আরও বলেন, যুদ্ধে যোগ দিয়েছেন এমন সাংবাদিকের সংখ্যা হাতে গোনা। সালেহ চৌধুরী কলম ছেড়ে অস্ত্র ধরেন। নয় মাসের মুক্তিযুদ্ধে নিজেকে যুক্ত করেন অসীম আন্তরিকতায়। একাত্তরে দিরাই, শাল্লা, জগন্নাথপুর এবং নেত্রকোণার খালিয়াজুড়ির হাওড় অঞ্চলে ছিল তাঁর কর্মক্ষেত্র। চলার পথে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তিনি দীর্ঘদিন জনগণের শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে’এর এবং সাধারণ সম্পাদক একেএম মহিম’র পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন কবি ইকবাল কাগজী, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রথম আলোর স্টাফ রিপোর্টার অ্যাড. খলিল রহমান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি কালেরকণ্ঠ ও ৭১ টিভির জেলা প্রতিনিধি শামস শামীম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জনকণ্ঠ ও মাছরাঙা টিভির প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক যমুনা টিভির প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক, কোষাধ্যক্ষ চ্যানেল ২৪’এর প্রতিনিধি এআর জুয়েল, দপ্তর সম্পাদক দৈনিক শুভ প্রতিদিনের প্রতিনিধি আকরাম উদ্দিন, তথ্য প্রযুক্তি সম্পাদক ডিবিসি টিভি ও অবজারভার প্রতিনিধি আমিনুল ইসলাম, ক্রীড়া সম্পাদক বাংলা নিউজ২৪.কম প্রতিনিধি আশিকুর রহমান পীর, কার্যনির্বাহী সদস্য দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারি সম্পাদক অ্যাড. এনাম আহমেদ, সদস্য ও দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারি সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, দৈনিক সময়ের আলো’র প্রতিনিধি অ্যাড. মো. আনোয়ার হোসেন, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি কামরুল হাসান চৌধুরী, দৈনিক সিলেট বাণীর প্রতিনিধি মাসুক মিয়া, জাগো নিউজ ও সিলেটটুডে২৪’এর প্রতিনিধি মুশাহিদ রাহাত, বাংলাদেশ পোস্ট ও রাইজিং ভিডি’র প্রতিনিধি আল আমিন, সাংবাদিক আব্দুস শহীদ। এছাড়াও স্মরণ সভায় ভিডিও কলের মাধ্যমে যুক্তরাজ্য থেকে সংযুক্ত হন প্রয়াত সালেহ চৌধুরীর ভাতিজা চৌধুরী শামসুজ্জামান রুমি।