স্টাফ রিপোর্টার
সাংবাদিকদের সম্মানে জেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের হাজীপাড়ার সার্কিট হাউজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের পক্ষে দোয়া ও ইফতার মাহফিলে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শফিউল আলম, আরডিসি অনজন দাস, এনডিসি মো. নাহিদ হাসান খান উপস্থিত ছিলেন।
দোয়া ও ইফতার মাহফিলে স্থানীয় সকল দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দোয়া ও ইফতার মাহফিলে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম সুনামগঞ্জের সকল গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের অনুরোধ জানিয়ে বলেন,‘ তথ্য-উপাত্ত সঠিক থাকলে সকল সংবাদই প্রকাশ করা উচিত। সংবাদ দেখে আমরাও অনেক কিছু জানি ও অবগত হই। কোথাও কোথাও সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের দা-কুমড়া সর্ম্পক, কোথাও ভাই-ভাই সর্ম্পক, কোথাও মামা-ভাগনা সর্ম্পক। আমার প্রশাসনের সাথে আপনাদের নিবিড় সর্ম্পক থাকবে। আপনারা আমাদের দোষত্রুটি তুলে ধরবেন দেশ ও জাতির কল্যাণে। আমার কোন কর্মকর্তা-কর্মচারী কিংবা কোথাও অনিয়ম ও দুর্নীতি চোখে পড়লে অবশ্যই গণমাধ্যমে তুলে ধরবেন। তবে উন্নয়ন প্রকল্পের যাতে ক্ষতি না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। কারণ সুনামগঞ্জ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। কৃষি ও কৃষকদের সঠিক চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশ করতে হবে। ’