স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সাংবাদিক কামাল হোসেনের চিকিৎসার জন্য ইউ.কে বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিশ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেয়া হয়েছে।
তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক সংবাদ ও দৈনিক শুভ প্রতিদিন’র তাহিরপুর উপজেলা প্রতিনিধি কামাল হোসেনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের খবর শুনে লন্ডনের জনপ্রিয় অনলাইন টেলিভিশন ‘সিলটর টিভি’তে বিশেষ আলোচনা সভার উদ্যোগ নেন সিলেট লেখক ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল।
বাংলাদেশ সময় বুধবার রাত ১০টায় সাংবাদিক নাজমুল ইসলাম মকবুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চ্যুয়াল আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ইউ.কে বাংলা প্রেক্লাবের সভাপতি লন্ডনের প্রবীণ সাংবাদিক লেখক ও কবি কে এম আবু তাহের চৌধুরী, শব্দকথা ডটকম এর প্রধান সম্পাদক লেখক কবি সাইফুর রহমান কায়েস, বাহরাইন থেকে সাংবাদিক সালেহ আহমদ সাকী, তাহিরপুর প্রেক্লাবের সভাপতি আমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আলম সাব্বির।
আলোচনা অনুষ্ঠান থেকে এই ঘৃণ্য হামলার তীব্র নিন্দা এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণের জোর দাবী জানানো হয় এবং এর প্রতিবাদে দেশ বিদেশের সকল সাংবাদিকদের আরও কঠোর কর্মসূচি ঘোষণার অনুরোধ জানানো হয়।
অনুষ্ঠানে ইউ.কে বাংলা প্রেসক্লাবের সভাপতি কবি কে এম আবু তাহের চৌধুরী ইউ.কে বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে কামাল হোসেনের চিকিৎসার জন্য তাৎক্ষণিক বিশ হাজার টাকার অনুদান প্রদানের ঘোষণা দেন। পরবর্তীতে অনুষ্ঠানের সঞ্চালক কবি নাজমুল ইসলাম মকবুলের কাছে তিনি জানান এ অনুদান আরও বৃদ্ধি করার ব্যাপারে আমরা আরও চেষ্টা করে যাবো।