- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাংবাদিক পীর হাবিবের সুনামগঞ্জের বাড়িতে স্মৃতিকাতর মানুষের ভিড়

স্টাফ রিপোর্টার
‘জলজোৎস্নার সুনামগঞ্জে আর আসবেন না প্রিয় হাবিব ভাই, এটি ভাবতেও কষ্ট লাগে, প্রিয় এই মানুষটির চলে যাওয়া মেনে নেওয়া কঠিন’।
‘বরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে আমরা গণমাধ্যম কর্মীরা একজন অভিভাবক হারালাম’।
উপরের আবেগণ মন্তব্য সাংবাদিক পীর হাবিবুর রহমানের সুনামগঞ্জ শহরের হাছননগরের (১৯, পূরবী-হাছননগর) বাসভবনের শোক বইতে লিখেছেন সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোজাম্মেল হক মুনিম ও গণমাধ্যম কর্মী আসাদ মনি।
কেবল এরা দুজন নয়। অসংখ্য মানুষ শনিবার বিকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (শনিবার সন্ধ্যা ৭ টা) পীর হাবিবের হাছননগরের বাসভবনে স্মৃতিকাতর ছিলেন। তাঁর মৃত্যু সংবাদ সুনামগঞ্জ শহরে পৌঁছালে সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নানা শ্রেণিপেশার মানুষ বাসভবনে গিয়ে মরহুমের বড় ভাইকে (অ্যাডভোকেট মতিউর রহমান পীর) শান্তনা ও সমবেদনা জানিয়েছেন।
বরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমান ১৯৬২ সালের ১১ নভেম্বর হাছনগরের এই বাড়িতেই জন্মেছিলেন। বাবা রইছ আলী পীর ও সৈয়দা রাহিমা খানমের ৮ সন্তানের মধ্যে তিনি ৭ নম্বর ছিলেন। তাঁর ছোট ভাই পীর ফজলুর রহমান মিসবাহ্ সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য এবং বিরোধীদলীয় হুইপের দায়িত্ব পালন করছেন।
অ্যাডভোকেট মতিউর রহমান পীর জানান, মরহুম পীর হাবিবের মরদেহ রোববার সকালে সুনামগঞ্জে পৌঁছাবে। বেলা ২ টায় কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জানাজা, বিকাল ৩ টায় গ্রামের বাড়ি মাইজবাড়ি পশ্চিমপাড়া মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্তানে দাফন সম্পন্ন হবে।

  • [১]