গাইবান্ধা-১ আসনের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনকে খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন একই আসনের সাবেক সাংসদ ও সাবেক জাতীয় পার্টি নেতা আবদুল কাদের খান। গাইবান্ধার বিচারিক আদালতে কাদের খান, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এই জবানবন্দি রেকর্ড করা হয়। প্রকাশিত খবর অনুযায়ী কাদের খান এলাকায় নিরঙ্কুস আধিপত্য কায়েমের জন্য এই জঘন্য কাজ করেছেন বলে স্বীকার করেন। দুপুর ২টায় তাকে আদালতে হাজির করা হয়। জবানবন্দি শেষে রাত ৯টায় তাকে আদালত থেকে বের করে আনে পুলিশ। দীর্ঘ প্রায় ৭ ঘণ্টা ওই জবানবন্দি কার্যক্রম চলে। কাদের খানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলেও আইনের দৃষ্টিতে গ্রহণীয় ছিল না যতক্ষণ না তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছিলেন। এখন এই আলোচিত হত্যা মামলার বিচারিক কাজ শুরু করতে আর কোন বাধা রইল না। জাতি আশা করে দ্রুতই বিচারকার্য শেষ হবে এবং সব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে।
লিটন হত্যা রহস্য উন্মোচন সাম্প্রতিককালে পুলিশের একটা বড় অর্জন। এ ঘটনার মধ্য দিয়ে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হল। পুলিশ এই মামলার রহস্য এমনভাবে উন্মোচন করেছে যে কাদের খানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া ছাড়া আর কোন উপায় ছিল না। কিলিং মিশনে অংশ নেয়া ৩ জনের মধ্যে আটক ২ জন ইতিমধ্যে পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছিল। তারা মূল পরিকল্পনাকারী হিসেবে কাদের খানের নাম প্রকাশ করে দেয়। কাদের খানের বাড়ির আঙ্গিনা থেকে মাটি খুঁড়ে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। ফলে স্বীকার করা ছাড়া কাদের খানের আর কোন উপায় থাকে না।
সাংসদরা আইন প্রণয়ন করে থাকেন। তারা সমাজের সবচে’ সম্মানীয় ব্যক্তি। একজন সাবেক সাংসদ যদি এরকম জঘন্য কাজ করেন, তাহলে সমাজে আর অবশিষ্ট কি থাকে? এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্য এই মামলার বিচারিক কার্যক্রমও সেইভাবে হওয়া প্রয়োজন। আশা করা যায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।