ধর্মপাশা প্রতিনিধি
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইদুর রহমান চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে তিনটায় বাদশাগঞ্জ খেলার মাঠে নামাজের জানাযা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সাইদুর রহমানের জানাযায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, অধ্যাপক ডা. রফিক চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব, জেলা পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য শামীম আহমদ মুরাদ, জামালগঞ্জের সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, সেলবরষ ইউপি চেয়ারম্যান নুর হোসেন, সদর ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিছ, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌস আহমদ প্রমুখ।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল চারটায় ঢাকা থেকে ধর্মপাশার নিজ বাড়িতে নিয়ে আসার পথে ইন্তেকাল করেন সাইদুর রহমান চৌধুরী। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
এদিকে সাইদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক এম নবী হোসেন।