স্টাফ রিপোর্টার
তাহিরপুরে আলোচিত সাকিব হত্যাকা-ের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা সদরের আব্দুজ জহুর চত্ত্বরে তাহিরপুর সচেতন নাগরিক সমাজের আয়োজনে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সাকিবের ভাই উস্তার আলী, চাচা জাহাঙ্গীর, আঞ্জব আলী, বড় ভাই হাফিজুর রহমান, চাচা আমির আলী, সচেতন নাগরিক সমাজের পক্ষে ইউপি সদস্য তোজাম্মেল হক নাসরুম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সাকিব হত্যাকান্ডের বিচার দাবি করে দ্রুত আসামিদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।
গেল সোমবার (২৪ এপ্রিল) মাঝরাতে তাহিরপুরের ঘাগটিয়া গ্রামের ধনাঢ্য ব্যক্তি মোশাররফের লোকজন একই গ্রামের মুজিবুর মিয়ার ছেলে সাকিব রহমানকে বাড়িতে ডেকে নিয়ে যায়। পূর্বশত্রুতার জেরে সেখানে সাকিবকে পিটিয়ে হাত-পা ভেঙে ও নখ উপড়ে হত্যা করা হয়।