স্টাফ রিপোর্টার
জামালগঞ্জের সাচনাবাজার ইউনিয়ন পরিষদ মাঠ ভরাটের কাবিটা’র প্রকল্পের কাজ না করেই বিল উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার
হোসেন শাহ এই প্রকল্প কমিটির চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদের পুরো মাঠের মধ্যে চারদিকে উঁচু উঁচু সবুজ ঘাস, ঘাসযুক্ত এই মাঠে কোন মাটির চিহ্ন-ই নেই।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ২০১৬-১৭ অর্থ বছরের কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের ১ম পর্যায়ে সাচনা বাজার ইউনিয়ন পরিষদের মাঠে মাটি ভরাটে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সাচনাবাজার ইউনিয়ন পরিষদের মাঠে মাটি ভরাট প্রকল্পের পিআইসি সাচনাবাজার ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেন শাহ।
ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানীয় দুর্লভপুর গ্রামের সমাজকর্মী গোলাম রব্বানী আফিন্দী বলেন,‘আমাদের ইউনিয়ন পরিষদের মাঠে মাটি ভরাটের জন্য ২ লাখ টাকা বরাদ্দ হয়েছে শুনেছি, কিন্তু মাঠে কোন কাজ হয়নি, মাঠের ঘাসগুলো অনেক দিনের পুরনো,এই মাঠে কোন মাটির চিহৃ-ই নেই। আমরা এলাকাবাসী বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’
প্রকল্প চেয়ারম্যান আনোয়ার হোসেন বললেন,‘আমি কাজ করি নাই কে কইছে, কন আমার সামনে আইতে তারে, আপনেরা আইয়া দেখেন। নদীতে ভাইঙা নিয়া গেছে। এরপরও আমার মাটি আছে। যারা এমন অভিযোগ করেছে, তারাও আইয়া পারলে সামনা সামনি কউক। সারা সাচনা বাজার ইউনিয়নের মাইনসে জানে কাম অইছে কী-না।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী বলেন,‘সাচনা বাজার ইউনিয়ন পরিষদের মাঠে মাটি ভরাটের ব্যাপারে খোঁজ খবর নেব। মাটি কতটুকু ফেলা হয়েছে, না ফেলা হয়েছে, জেনে ব্যবস্থা গ্রহণ করা হবে।’