আকবর হোসেন, জামালগঞ্জ
নদী বন্দর খ্যাত জামালগঞ্জের সাচনা বাজারে নিরীহ এক পরিবারের বাজার ভিটা জোর পূর্বক প্রভাব খাটিয়ে দখল করার অভিযোগ পাওয়া গেছে। দখলবাজ স্থানীয় বিএনপি নেতা খোরশেদ আলমের বিরুদ্ধে ভিটের মালিকের জামাতা লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগেও একাধিকবার গেল বিএনপির আমলে খোরশেদ আলম একইভাবে ওই দোকানকোঠা দখল করেছিল বলে জানা গেছে।
তবে বিএনপির স্থানীয় দায়িত্বশীলরা জানিয়েছেন অভিযুক্ত খোরশেদ আলম বিএনপির কেউ নয়। সে আগেও ওই দোকান ভিটা দখল করার চেষ্টা করেছিল তৎকালীন বিএনপির স্থানীয় সংসদ সদস্য নজির হোসেনের হস্তক্ষেপে বাজারের বণিক সমিতির বিচারে দখলবাজ আর জায়গাটি দখলে নিতে পারে নি। এই নিয়ে জামালগঞ্জ থানায় একটি চাঁদাবাজীর লিখিত অভিযোগের পর পুলিশ মামলা নিলে জেল খাটেন দখলবাজ খোরশেদ আলম।
বাজার ভিটের এই জায়গা নিয়ে খোরশেদ আলম ও গুনেন্দু রায়ের মধ্যে জেলা জজ আদালতে মামলা ছিল। মামলায় গুনেন্দু রায়ের পক্ষে রায় এলে খোরশেদ আলম উচ্চ আদালতে একটি মামলা দাযের করেন। মামলাটি এখনো চলমান আছে। মামলা চলাকালীন অবস্থায় বাজার ভিটের জায়গা দখল হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় বইছে।
জানা যায়, উপজেলার সাচনা বাজার ইউনিয়নের ভরতপুর গ্রামের গুনেন্দু ভুষন রায় মারা যাবার পর ছেলে সন্তানহীন ২ মেয়ে নিয়ে স্থায়ীভাবে সিলেটে বসবাস করছেন তার স্ত্রী। দীর্ঘ ১ যুগেরও বেশী সময় ধরে ব্যবসা করা ভাড়াটিয়াকে জোর করে দোকান থেকে বের করে দিয়ে সোমবার জায়গাটি জোরপূর্বক দখল করে দরজায় একাধিক করে তালা ঝুলিয়ে দেয় খোরশেদ আলম। দখরকৃত ওই জায়দায় নতুন করে টিনের চাল দিয়ে একটি ঘর তৈরী করে। খোরশেদ স্থানীয় প্রভাবশালী লোক হওয়ায় আশেপাশের দোকানদাররা তার ভয়ে মুখ খুলতে সাহস পান না। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গুনেন্দু ভুষনের জামাতা সিলেটের মদিনা মার্কেটের ধীরেন্দ্র দেবের ছেলে রিপন দেব। অভিযোগের পর জামালগঞ্জ থানার এসআই ওয়াহিদুর রহমান সরেজমিনে এসে তদন্ত করে গেছেন।
রিপন দেব লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার শ্বশুর কামলাবাজ মৌজার, ১ নং খতিয়ানে ৭৪৬৯ দাগে দেড় শতক জায়গার উপর দোকান ভিটের মালিক। তিনি দীর্ঘদিন ধরে এই দোকানে ব্যবসা করে গেছেন। তিনি অসুস্থ অবস্থায় বাজারের চা বিক্রেতা সঞ্জু দাসকে দীর্ঘদিন ধরে ভাড়া দিয়ে দিয়েছিলেন। শ্বশুরের মৃত্যুর পর শাশুরী, তার স্ত্রী, শালিকাসহ সিলেটে বসবাস করছেন। এই সুযোগে কামলাবাজ গ্রামের হোসেন আলীর ছেলে খোরশেদ আলম জোর করে দখল করে নিয়ে একটি চালা বাধেন। জিজ্ঞাসা করিলে সে তাকে হুমকি দিয়ে বলে এই জায়গা তার ও কাগজপত্রে দখলদার পায় সে।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, তিনি স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদেরকে জানালে তারা সালিশ বৈঠকের মাধ্যমে মিমাংসা করার কথা বললে সে সালিশ না মেনে জায়গাটি দখল করে নেন।
নাম প্রকাশ না করার শর্তে সাচনা বাজারের একাধিক ব্যবসায়ী বলেন,‘এই ভিটের মালিক গুনেন্দু এটা বাজারের সবাই জানে। খোরশেদ মিয়া কয়েকবার দখল করতে চেয়েছিল পারেন নি। সে বিএনপির আমলের সময় দখল করতে চাইলে বিএনপির এমপি নজির হোসেন তাকে জেলে দিয়েছিল। এখন আ.লীগর নেতাদের পেছনে ঘুরে, আর এই সুযোগে জায়গাটি দখল করতে চায়।
দখল হয়ে যাওয়া দোকানের সামনে কাঁচামাল বিক্রেতা কালীবাড়ীর নবাব মিয়া জানান, ৪-৫ দিন আগে খোরশেদ মিয়া নতুন করে টিন দিয়ে চালা তৈরী করেছেন।
জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান ও উপজেলা বিএনপির সহ সভাপতি হুমায়ুন কবীর সরকার জানান, খোরশেদ বিএনপির কেউ না। আগেও একবার সে হিন্দু পরিবারের সাচনা বাজারে ভিট দখল করতে চাইলে আমাদের সাবেক এমপি নজির হোসেন তাকে ছাড় দেয় নি। চাঁদাবাজী মামলা দিয়ে জেলে দিয়েছিলো।
সাচনা নতুন বাজারের চা বিক্রেতা সজিব রায় জানান, এই ঘরের মালিক গুনেন্দু বাবুর কাছ থেকে সঞ্জু দাস ভাড়া নিয়েছিলেন, আমি তার কাছ থেকে ভাড়া নিয়েছিলাম এখন আর নেই।
সাবেক ভাড়াটিয়া সঞ্জু দাস বলেন,‘এই ঘরের মালিক গুনেন্দু বায়, আমি তার কাছ থেকে ভাড়া নিয়েছিলাম, তিনি মারা যাবার পর তার স্ত্রীর কাছে নিয়মিত ভাড়া দিতাম।’
অভিযোগের বিষয়ে খোরশেদ আলম বলেন,‘আমার বিরুদ্ধে দখলের যে অভিযোগ আনা হয়েছে তা ঠিক নয়। আমি আগেও দখলে গিয়েছিলাম, এখনো দখলে আছি। আমি পুর্নেন্দু ঘোষ চৌধুরীর কাছ থেকে ক্রয় সূত্রে বাজার ভিটের মালিক। বাজারের ভিটের জায়গা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান আছে।’
সাচনা বাজার বণিক সমিতির নেতা আব্দুস শহীদ তালুকদার বলেন,‘বিএনপির ক্ষমতা থাকাকালীন সময়ে আগেও একবার ঝামেলা হয়েছিলো। এমপি নজির হোসেনসহ আমরা বসে সমাধান করে দিয়েছিলাম। এখন আবারো জায়গা নিয়ে সমস্যা দেখা দিয়েছে।’
তদন্তকারী কর্মকর্তা এসআই ওয়াহিদুর রহমান বলেন,‘ আমি অভিযোগের পর সরেজমিনে গিয়ে তদন্ত করে এসেছি। গত রাতে বণিক সমিতির সভাপতি এসে দায়িত্ব নিয়েছেন তিনি আগামী শনিবারে বিচার সালিশ করে দিবেন।’
সাচনা বাজার বণিক সমিতির সভাপতি ইউসুফ আল আজাদ বলেন,‘ গুনেন্দু বাবু ও খোর্শেদ আলমের বাজার ভিটের দখল ও দ্বন্দ্ব নিয়ে শনিবার বণিক সমিতির অফিসে বিচার শালিসের ব্যবস্থা করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন,‘অভিযোগের পর থানার এসআই ওয়াহিদুর রহমান তদন্ত করছেন। বাজার বণিক সমিতির সভাপতি ইউসুফ আল আজাদ দায়িত্ব নিয়েছেন বিচারের মাধ্যমে শেষ করার।’