- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাজাপ্রাপ্ত মন্ত্রীদের নিয়ে আলোচনার ঝড় সর্বত্র

হোসেন তওফিক চৌধুরী
আদালত অবমাননার দায়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো: কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্টের আপীল বিভাগ কর্তৃক দন্ডিত হয়েছেন। এই দুইজন আর মন্ত্রী থাকবেন কিনা Ñএ নিয়ে সারাদেশে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। ইতোমধ্যেই বিষয়টি “টক অব দি কান্ট্রি” তে পরিণত হয়েছে। গত রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপীল বিভাগের আট বিচারপতির বেঞ্চ দুই মন্ত্রীকে আদালত অবমাননার দায়ে দন্ডিত করেন। দুই মন্ত্রীকে ৫০ হাজার টাকার জরিমানা করা হয়েছে। অন্যথায় তাদেরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত দুই মন্ত্রী  নি:শর্ত ক্ষমা চাইলেও ক্ষমার আবেদন খারিজ করা হয়। একসাথে দু’মন্ত্রীর আদালত অবমাননার দায়ে দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক দোষী সাব্যস্থ হয়ে সাজা প্রদানের রায় দেশের বিচার ব্যবস্থার এক মাইলফলক। এই ঐতিহাসিক রায় বিচার ব্যবস্থাকে সুসংহত, সমুন্নত ও এবং মাননীয় আদালতের মর্যাদাকে অক্ষুন্ন রেখেছে বলে সকল মহলে অভিনন্দিত হয়েছে। দুইমন্ত্রীই সাংবিধানিক পদে অধিষ্ঠিত রয়েছেন। তারা প্রধান বিচারপতি ও আদালত সম্পর্কে বিরূপ ও মানহানিকর বক্তব্য দিয়ে শপথ ভঙ্গ করেছেন।
উল্লেখ্য যে, গত ২৩ ও ২৪ শে ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর আপীলের শুনানীতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এই মামলা পরিচালনা ও তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থার ভূমিকা ও দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেন। এরপর ৫ই মার্চ একাত্তরের দালাল নির্মুল কমিটির আয়োজিত ঢাকার এক গোলটেবিল আলোচনায় প্রধান বিচারপতি সিনহাকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গঠন করে মীর কাশেমের আপীলের পুন: শুনানীর দাবি জানান খাদ্যমন্ত্রী কামরুল। এই আলোচনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল প্রধান বিচারপতিকে তার বক্তব্য প্রত্যাহারের আহবান জানান। ৮ই মার্চ মাননীয় আদালত দুই মন্ত্রীকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করে আদালতে তলব করেন। দুই মন্ত্রীই আদালতে উপস্থিত হয়ে নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু মাননীয় আদালত তাদের ক্ষমা প্রার্থনা গ্রহণ করেননি। মন্ত্রীরা সাংবিধানিক পদে রয়েছেন। তাদের বক্তব্য আদালতের ভাবমূর্তি মারাত্মভাবে ক্ষুন্ন করে এবং তারা তাদের শপথ ভঙ্গ করায় তাদের ক্ষমা প্রার্থনা গৃহীত হয় নি। এখন এই দুই জন সাজাপ্রাপ্ত ব্যক্তি মন্ত্রী থাকবেন কিনা এ নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। এটর্নী জেনারেল বলেছেন, প্রশ্নটি নৈতিকতার সাথে জড়িত। এ ব্যাপারে মন্ত্রীসভা সিদ্ধান্ত নেবে। তবে বিভিন্ন মহল থেকেই এ ব্যাপারে বক্তব্য আসতে শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, এই রায়ের পর অভিযুক্ত মন্ত্রীদের আর মন্ত্রীসভায় থাকার নৈতিক অধিকার নেই। নিজ থেকেই মন্ত্রীসভা থেকে পদত্যাগ করা সমীচীন। নতুবা প্রধানমন্ত্রী তাদেরকে মন্ত্রীসভা থেকে সরিয়ে দিতে পারেন। সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্য করায় এবং দন্ডিত হওয়ায় দুই মন্ত্রীকে বরখাস্ত করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের জন্য স্বীয় মতামত ব্যক্ত করেছেন। প্রখ্যাত আইনজীবী শাহদীন মালিক বলেছেন, আদালত কর্তৃক আদালত অবমানার দায়ে দন্ডিত হওয়ায় এদের আর মন্ত্রী থাকার নৈতিক অধিকার নেই। দোষী সাব্যস্থ হয়ে মন্ত্রীদের দায়িত্ব পালন না করে আগামী সোমবার অনুষ্ঠিতব্য মন্ত্রীসভার বৈঠকের আগেই তাদের পদত্যাগ করা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, সর্বোচ্চ আদালত দুইমন্ত্রীকে আদালত অবমাননার জন্য দোষী সাব্যস্থ করেছেন। বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীনভাবে দায়িত্বরত দুই মন্ত্রীকে আদালত শাস্তি দিলেন। শাস্তির মাত্রা যাই হোক। শাস্তি মানেই হলো দোষ প্রমাণিত। এরপর নৈতিক দৃষ্টিকোণ থেকে তাদের আর মন্ত্রী থাকার কোন কারণ নেই। সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন, বাংলাদেশের আইন বা সংবিধানে আদালত অবমাননার দায়ে দোষী হলেই মন্ত্রীত্ব চলে যাওয়ার ব্যাপারে সুষ্পষ্টভাবে কিছু বলা নেই। তবে দোষী সাব্যস্থ মন্ত্রীরা মন্ত্রী থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। এরা মন্ত্রী হিসেবে বহাল থাকলে এবং এর বিরুদ্ধে আদালতে চ্যালঞ্জ হলে আইনী জটিলতার উদ্রেক হতে পারে। মন্ত্রীদের বিরুদ্ধে রায় হওয়ার পর এখনো সরকারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দেশবাসীর প্রত্যাশা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরকারের ভাবমূর্তি ও স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে এই দুই মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। অহেতুক অতি কথন যে বিপদ ও বিপর্যয় ডেকে আনে এই দুইজন মন্ত্রীই তার প্রমাণ।
লেখক: আইনজীবী ও কলামিষ্ট

  • [১]