- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সাত লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের সীমান্তে অভিযানে প্রায় সাত লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ করেছে ২৮ বিজিবি টিম। এসব পণ্যের মধ্যে রয়েছে— ভারতীয় মদ, চিনি, গরু, কয়লা, চাল, বিড়ি এবং বারকী নৌকা।
জানা যায়, বাঁশতলা বিওপির টহল দল ১ ডিসেম্বর বৃহস্পতিবার দোয়ারাবাজার উপজেলাধীন বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলোনী থেকে ২০ হাজার পিস ভারতীয় বিড়ি জব্দ করে। একই দিনে মাছিমপুর বিওপির টহল দল বিশ্বম্ভরপুর উপজেলাধীন ধনপুর ইউনিয়নের সোনাতলা থেকে ৮০ কেজি ভারতীয় চিনি জব্দ করে। বনগাঁও বিওপির টহল দল সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের ইসলামপুর থেকে ২৫ বোতল ভারতীয় মদ এবং চিনাকান্দি বিওপির টহল দল বিশ্বম্ভরপুর উপজেলাধীন ধনপুর ইউনিয়নের শিলডোয়ার থেকেত ১০৮ কেজি ভারতীয় চিনি জব্দ করে।
এদিকে মাটিরাবন বিওপির টহল দল শুক্রবার মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কড়াইবাড়ী থেকে ৪টি ভারতীয় গরু আটক করে। একই দিনে লাউরগড় বিওপির টহল দল তাহিরপুর উপজেলাধীন বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী থেকে ৪ হাজার ৫০০ কেজি ভারতীয় কয়লা এবং ৬টি বারকী নৌকা জব্দ করে। চাঁনপুর বিওপির টহল দল তাহিরপুর উপজেলাধীন ৪নং বড়দল ইউনিয়নের বারেকটিলা থেকে ৯৪ কেজি ভারতীয় চিনি এবং ৫০ কেজি চাল জব্দ করে। ডুলুরা বিওপির টহল দল বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মথুরাকান্দি থেকে ৬৬৬ কেজি ভারতীয় চিনি এবং মাঠগাঁও বিওপি টহল দল ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙাপাড় নামক থেকে ২টি ভারতীয় গরু আটক করেছে। আটককৃত এসব পণ্যের সর্বমোট মূল্য ৬ লক্ষ ৯৯ হাজার ৩০০ টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য কার্যালয় এবং ভারতীয় চিনি, গরু, কয়লা, বিড়ি ও বারকী নৌকা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • [১]