নানা বিষয়ে সুনামগঞ্জের মানুষের ভিতরকার বঞ্চনাবোধের প্রকাশ ঘটছে। মূলধারার গণমাধ্যমে একেবারে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানানো কিংবা প্রকাশের সুযোগ তেমন একটা না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অহরহই তৃণমূলের মানুষের আবেগ অনুভূতির খবর জানা যাচ্ছে। শহরবাসীর মনোকষ্টের প্রধান কারণটি হলো অব্যাহত বিদ্যুৎ বিভ্রাট। তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ এমনিতেই। রেকর্ড তাপমাত্রা নিয়ে আকাশ থেকে যখন তাপ ছড়াচ্ছে তখন একটু স্বস্তির আশায় মানুষ ঘরের ভিতরে ফ্যানের বাতাস কিংবা এসির ঠান্ডায় আরাম পাওয়ার চেষ্টা করেন। কিন্তু বিদ্যুৎ বিভাগের বেরসিক আচরণে ঘণ্টার পর ঘণ্টা শহরে বিদ্যুৎ থাকছে না। গত বুধবার রাতে নতুন পাড়ার একাংশের ট্র্যান্সমিটার বিকল হয়ে পড়লে একটানা ১৬/১৭ ঘণ্টা বিদ্যুৎহীন থাকে। শহরের সর্বত্র দিনে বহুবার বিদ্যুতের আসা-যাওয়া এখন নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। অসহনীয় বিদ্যুৎ সেবা নিয়ে স্থানীয় গণমাধ্যমে এরআগে বহুবার সংবাদ প্রকাশ করা হলেও সমস্যার সমাধানে বিন্দুমাত্র ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এরকম অবস্থায় সাধারণ মানুষ মনের জ্বালা মিটাচ্ছেন ফেসবুকের পাতায়। সেখানে তারা বিদ্যুৎ বিভাগের অকর্মন্য লোকজনসহ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিষোদগার করছেন। মানুষ নিজের জীবনে প্রত্যক্ষ করা কষ্টগুলোর সাথে বিভিন্ন সামাজিক-রাজনৈতিক বিষয়েও নিয়মিতই প্রতিক্রিয়া জানাচ্ছেন সামাজিক যোগাযোগের অবারিত প্রান্তরে। প্রচলিত রাজনৈতিক দলাদলি ও ব্যক্তিবিদ্বেষপূর্ণ প্রচার প্রচারণার বিরুদ্ধেও মানুষ তাঁদের বিরক্তি প্রকাশ করছেন। আমরা জানি না, দায়িত্বশীলরা সাধারণ মানুষের এইসব আবেগ অনুভূতির কথা জানতে পারেন কিনা। জানতে পারলে এসব মন্তব্য দেখলে তাঁরা নিজেরাই লজ্জা পেতেন বলে আমাদের বিশ্বাস।
ফেসবুকের প্রতিক্রিয়া দেখে অন্তত একটা বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যায় যে, এই শহরের অতীত সুনাম এখন ভীষণভাবে পযুর্দস্থ হয়ে পড়েছে। সুদূর অতীত থেকে নিকট অতীত পর্যন্ত শহর ও জেলার সৌহার্দ্য, সম্প্রীতি, উদারতা, পরমত সহিষ্ণুতা, ধৈর্য ও সামাজিক সদ্ভাবের উদাহরণ টেনে বর্তমান ক্রমাবনতিশীল সামাজিক-রাজনৈতিক পরিবেশে প্রচ- হতাশা ব্যক্ত করছেন এই অনলাইন ব্যবহারকারী সুনামগঞ্জি নাগরিকবৃন্দ। অর্থনীতি, রাজনীতি আর সামাজিক অবক্ষয়ের কারণে ব্যক্তির আন্ত:সম্পর্ক বিপন্ন হয়। স্বার্থের কারণে কাছের মানুষের বুকে ছুড়ি ধরতে দ্বিধা হয় না একদা বন্ধুরও। যারা সত্যের সন্ধান করেন, সত্যকে ভালবাসেন, যারা আত্মসম্মান নিয়ে নির্বিরোধ জীবন যাপন করতে চান, যারা অন্যায় অনিয়ম দেখলে প্রতিবাদী হনÑ তাদের সকলে আজ অবক্ষয়গ্রস্ত মানুষের কোর্পে শিকার হচ্ছেন। প্রকাশ্যে, মনস্তাত্বিক চাপ প্রয়োগের মাধ্যমে অথবা কায়দা-কানুন প্রসুত বিড়ম্বনা তৈরির মাধ্যমে এই বিরোধিতা বজায় রাখা হয়ে থাকে। এমন অবস্থায় নিজের শহরকে অনেকের এখন অচেনা মনে হয়। নিতান্তই পড়শীকে এখন মনে হয় দূরাগত কেউ। এই যে বিচ্ছিন্নতা, এই যে উন্মত্ততা তার মধ্য দিয়ে যে আমরা নিজেরাই নিজেদের ছোট করে ফেলছি সেই বোধটুকুও এখন খুঁজে পাওয়া ভার। দেশে-বিদেশে যেখানেই সুনামগঞ্জের মানুষ সেখানেই এক বেদনাময় অনুভব। এর অবসান কবে কে জানে।
এইসব আত্মার ক্রন্দন হাহাকার শোনার দায়িত্ব মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি ও মানুষের নামে রাজনীতি করা নেতৃবৃন্দের। বিভিন্ন মাধ্যমে সাধারণের আকুতিকে আমলে নিয়ে চললে আমাদের বিশ্বাস এই অচলায়তন ভাঙতে বেশি সময় লাগবে না। তাই আসুন সকলে সকলের হৃদয়ে প্রবেশ করি আর বিচ্ছিন্নতার পরিবর্তে যৌথ সমাজ বিনির্মাণে আগুয়ান হই।