দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান, বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজ ও ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও আওয়ামী লীগের অন্যতম নেতা
ছুফি মিয়ার মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।
রবিবার বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজ কর্তৃপক্ষ ও ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ তিন দিনের শোক ঘোষণা করা হয়। সকাল ১১টায় অধ্যক্ষ নৃপেন্দ্র কুমার তালুকদার ও প্রধান শিক্ষক দিলীপ চৌধুরীর নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে শোক র্যালি বের করা হয়। শোক র্যালিটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে বোয়ালিয়া বাজার প্রদক্ষিণ করে ফকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়। শোক র্যালীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাড. সামছুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. সোহেল আহমদ, ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হাই, সৌমেন সেনগুপ্ত প্রমুখ।
উল্লেখ্য শনিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি ক্লিনিকে ছুফি মিয়া মারা যান। রবিবার আড়াইটায় নিজবাড়ি গলিশাল গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।