তিনটি ভাল সংবাদ দেখা গেল গতকালের দৈনিক সুনামগঞ্জের খবরে। কুমিল্লার নাসিরনগর, হবিগঞ্জের মাধবপুর বা আরও কয়েকটি জায়গায় হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর ভাংচুরের প্রেক্ষাপটে সংবাদ তিনটি নিঃসন্দেহে আশাব্যঞ্জক। ছাতকে বাঙালি সমাজ মানসের আবহমান সম্প্রীতিবোধ অটুট রাখতে সর্বদলীয় সম্প্রীতি পরিষদ গঠন করা হয়েছে। শাল্লা ও জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে (ধর্ম নির্বিশেষে) সম্প্রীতি সভা হয়েছে। পত্রিকাান্তরে প্রকাশিত সংবাদ থেকে জানা গেল, পুলিশের আইজিপি একেএম শহীদুল হক উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সর্বধর্মীয় সম্প্রীতি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। সাম্প্রদায়িক পরিস্থিতির কিছুটা অবনতিশীল জাতীয় পরিস্থিতিতে এই ধরনের সংবাদ নিশ্চিতভাবে দেশের শোভ বোধসম্পন্ন ব্যক্তিকে আশ্বস্থ করবে। আমরা বার বার যে কথাটি বলে আসছি সেটি হলো, বড় দাগে বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক মনোভাবাপন্ন নয়। এই দেশের সকল মানুষ পারষ্পরিক ভ্রাতৃত্ববোধ ও সহনশীলতা নিয়ে বসবাস করতে চায়। কিন্তু কিছু অনভিপ্রেত রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় কতিপয় হিন উদ্দেশ্য প্রয়াশী ব্যক্তি ও গোষ্ঠী এই সাম্প্রদায়িক সহনশীল পরিবেশকে অসহনীয় করে তোলার জন্য প্রায়শই অপচেষ্টায় নিয়োজিত হয়। স্পষ্টতই এরা দেশে এক ধরনের হুজুগ ব্যবহারের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরি করে। এরা ধর্মকে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসেবে মনে করে। মনে প্রাণে এরা কেউই ধার্মিক নয়। ধর্ম এদের কাছে নিজেদের স্বার্থ হাসিলের হাতিয়ার মাত্র। দেশের শান্তিকামী মানুষের কর্তব্য সবসময় এই অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকা এবং এদের অপকর্মকে রুখে দেয়া। জায়গায় জায়গায় এখন যে সম্প্রীতি সভাগুলো হচ্ছে বা পুলিশের আইজিপি সর্বধর্মীয় সম্প্রীতি কমিটি গঠনের যে নির্দেশ দিয়েছেন সেগুলো ওই উদ্দেশ্য পূরণে সহায়ক হবে বলে আমরা মনে করি। তাই সংশ্লিষ্টদের এই শুভ উদ্যোগগুলোকে আমরা অভিনন্দন জানাই।
উনিশ শ’ একাত্তরে বাংলাদেশ রাষ্ট্র গঠনের পিছনে কাজ করেছিল একটি অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা। স্বাধীন দেশে সকল মানুষ সুষম উন্নয়নের সুযোগ পাবে কেউ অবিচারের সন্মুখীন হবে না, এই ছিল সাধারণ মানুষের ভাবনা। কিন্তু পরিতাপের বিষয় হলো আমরা সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছি। রাষ্ট্রীয় পর্যায়ে ধর্ম বিশেষকে প্রাধান্য দিয়ে অন্য ধর্মাবলম্বীদের হেয় অবস্থানে রাখা হয়েছে। রাজনৈতিক ও সামাজিক আশ্রয়-প্রশ্রয়ে মানুষের মনে সাম্প্রদায়িক ভেদরেখা টেনে দেয়া হচ্ছে। শিশু বয়স থেকেই আমরা এই ভেদরেখার শিক্ষা দিচ্ছি। এই ধরনের মনোভাব কতোটা জাতিবিধ্বংসী স্বাধীন বাংলাদেশ কিছু দিন পর পরই তা টের পাচ্ছে। আমাদের উচিত নিজেদের আত্ম সমালোচনা ও আত্ম সংশোধনের সামনে দাঁড় করানো। নতুবা আমরা একটি আবদ্ধ রাষ্ট্রের অধিবাসী হয়ে আধুনিক জ্ঞান-বিজ্ঞান থেকে যোজন যোজন পিছিয়ে যাব। আমাদের শিক্ষা ব্যবস্থায় শিশু মনে সাম্প্রদায়িকতার বীজ বপণের যেসব আয়োজন রয়েছে সেগুলোর সমূল উৎপাটন করে একটি মুক্ত ও আধুনিক প্রজন্ম গড়ে তোলার কাজে হাত দিতে হবে।
সম্প্রতি যেসব জায়গায় সাম্প্রদায়িক সহিংসতা ঘটেছে সেগুলোকে নির্মোহভাবে বিচারের সন্মুখীন করা আরেক জাতীয় কর্তব্য। ঘটনাকে অস্বীকার করে নয় স্বীকার করে নিয়েই প্রতিবিধান করা বুদ্ধিমানের কাজ হবে। আমরা আশা করব সরকার ও রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলো এই দাবিতে সোচ্চার হবেন। ক্ষমতাসীন দলকে সবচাইতে বেশি ভূমিকা নিতে হবে। কারণ তৃণমূলে সামাজিক শৃঙ্খলা রক্ষায় আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সাথে তারাই ভাল ভূমিকা রাখতে পারেন। যে উদ্দেশ্যে ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ গঠন করেছিলাম সেটি প্রতিক্রিয়াশীলদের দাপটে ক্ষত বিক্ষত হোক এ আমাদের কাম্য নয়।