স্টাফ রিপোর্টার
নানা আয়োজনে শ্রীশ্রী সারদা মায়ের ১৬৭তম জন্ম তিথি উদযাপিত হয়েছে। শুক্রবার মঙ্গলারতি, শ্রীশ্রী মায়ের প্রতিকৃতি সহ শোভাযাত্রা, মহাপ্রসাদ বিতরণ, প্রার্থনা ও ‘নারী জাগরণের পথিকৃৎ সারদা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ সারদা সংঘের আয়োজনে ষোলঘর রামকৃষ্ণ আশ্রমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সারদা সংঘের সভানেত্রী সবিতা বীর। নাট্য ব্যক্তিত্ব মঞ্জু তালুকদার’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ নীলিমা চন্দ। মুখ্য আলোচকের বক্তব্য রাখেন ষোলঘর রামকৃষ্ণ আশ্রম প্রধান হৃদয়ানন্দজী মহারাজ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সারদা সংঘের সাধারণ সম্পাদক সীমা চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা উদীচী’র সভাপতি শীলা রায়, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য, জেলা উদীচী সহ সভাপতি সঞ্চিতা চৌধুরী, জেলা সারদা সংঘ সাংগঠনিক সম্পাদক শিপ্রা তালুকদার, সুনামগঞ্জ সরকারি কলেজ শিক্ষার্থী তৃণা দে, প্রিয়াংকা পাল।
এদিকে মায়ের জন্ম তিথি উপলক্ষে গত ১৮ ডিসেম্বর বুধবার মঙ্গলারতি, চন্ডীপাঠ, শ্রীশ্রী মায়ের বিশেষ পূজা, হোম, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।