সু.খবর ডেস্ক
বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন জায়গায় প্রাণহানির ঘটনাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন। এর মাধ্যমে তিনি খারাপ নির্বাচনের পক্ষে সাফাই গেয়েছেন। বৃহস্পতিবার সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে মো. শাহজাহান সাংবাদিকদের এ কথা বলেন।
মো. শাহজাহান বলেন, যে সব জায়গায় অনিয়ম হয়েছে সে সব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিএনপি নতুন করে চিন্তা করবে নির্বাচনে থাকবে কি থাকবে না। তিনি অভিযোগ করেন, কমিশন সুষ্ঠু নির্বাচন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কোনো নির্বাচনে তারা সফলতা দেখাতে পারেনি। দু চারজন পুলিশকে ডেকে ভর্ৎসনা করলে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়ে যায় না। কমিশনকে ব্যাপক অ্যাকশনে যেতে হবে।
মো. শাহজাহান বলেন, প্রথম ধাপের নির্বাচনে ব্যবস্থা নিলে দ্বিতীয় ধাপে এমন হতো না। বিএনপি প্রথম এবং দ্বিতীয় ধাপে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে। সিইসি তাদের জানিয়েছেন, পরের ধাপগুলোতে আরও ভালো নির্বাচনের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিয়ে ইসি এবং সরকারকে গ্রহণযোগ্যতা অর্জনে একটা সুযোগ করে দিয়েছিল। কিন্তু ইসি সরকারের পরামর্শ মতো চলতে গিয়ে সে সুযোগ হারিয়েছে।
এর আগে বিকেল সাড়ে চারটার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা মো. সুজা উদ্দিন ও সহ প্রচার সম্পাদক সৈয়দ ইমরান সালেহ সিইসির সঙ্গে দেখা করতে নির্বাচন কমিশনে যান। সেখানে আধা ঘণ্টার মতো বৈঠক শেষে তাঁরা বের হয়ে আসেন।