স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় (মেজর ইকবাল রোড) শহরতলির অমৃতশ্রী গ্রামের এক ক্ষুদ্র ব্যবসায়ী অভিনব কায়দায় ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা তার পকেট থেকে তের হাজার ৮০০ টাকা নিয়ে গেছে। শনিবার বেলা পৌনে একটায় এই ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার লিটন চন্দ্র দাস জানালেন, শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে শহরের কালীবাড়ি সড়কের মুখে এসে দাঁড়িয়ে তার ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন তিনি। এসময় তার কাছে একটি সিএনজি এসে দাঁড়িয়ে বলে, ‘ভালো আছেন নি ভাই- যাইতানি, তিনি বলেন-না আমি এক মিনিটের পথ আলফাত ভবনের পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাব, ওই সিএনজি চালকের পেছনের সীটে দুইজন এবং সামনে আরেকজন বসা ছিল, একপর্যায়ে ওই চালক ব্যবসায়ী লিটনকে বলতে থাকে, ওঠুন নামিয়ে দেব আপনাকে, সিএনজিতে ওঠার পর সামান্য পথে দুই তিনবার ব্রেক কসে চালক, পেছনের যাত্রীবেশি দুই প্রতারকের একজন (মাঝখানে বসা) লিটনকে বলে আমাকে থু-থু ফেলার সুযোগ দেন, তিনি বলেন আমিতো নেমেই যাব, এরপরও সে দুবার থু থু ফেলার সুযোগ নেয়। আলফাত ভবনের সামনে এসে লিটন নামতে চাইলেও তাকে নামতে না দিয়ে জামাইপাড়া সড়কের সামনে নামিয়ে দ্রুত চলে যায় প্রতারক সিএনজি চালক। নামার পর হাত দিয়ে তিনি দেখেন পকেটে টাকা নেই। লিটন চন্দ্র দাস এ ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় অভিযোগ জানিয়েছেন।
সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, লিটন দাসের অভিযোগ আমরা পেয়েছি। প্রতারক ওই চালককে খুঁজে বের করার চেষ্টা হচ্ছে।
প্রসঙ্গত. এরআগে গেল মাসে র্যাব-৯’এর সুনামগঞ্জ ক্যাম্পের দায়িত্বশীলরা কালীবাড়ি এলাকা থেকে একই ধরণের প্রতারণার সঙ্গে যুক্ত তিনজনকে আটক করেছিলেন।