স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের হরিপুর গ্রামের ইজিবাইক চালক সিকন্দর আলীর খুনিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সাচনা বাজার ইউনিয়নের শুকদেবপুর, রাঙামাটি, রাধানগর গ্রামবাসীর উদ্যোগে শুকদেবপুর মিলন বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃষ্টিতে ভিজে নারী, পুরুষ ও শিশুসহ হাজারো মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা মো. সায়েম পাঠান, সাচনা বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন, গ্রামের বাসিন্দা মাস্টার ওমর গনি, জিয়া উদ্দিন, ফরিদ মিয়া, উদুমান, ফখরুল হাসান, এমদাদ মিয়া, জিয়া উদ্দিন, ইউপি সদস্য সোহেনা বেগম, লুৎফুর রহমান, সুহেল মিয়া, সেরুজ্জমান মাস্টার, সুলেমান মিয়া, মহিবুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, এক সপ্তাহ পেরিয়ে গেল অথচ সিকন্দর আলীকে কারা হত্যা করেছে সেটা এখনও পুলিশ খুঁজে বের করতে পারেনি। আমরা দ্রুত হত্যাকা-ের মূল্যরহস্য উদঘাটন এবং খুনিদের আইনের আওতায় আনার দাবি জানাই।
উল্লেখ্য, গত ১২ মে সকালে সাচনা বাজার ইউনিয়নের শরিফপুর গ্রামের রাস্তার পাশ থেকে সিকান্দর আলীর (৪২) গলা কাটা লাশ উদ্ধার করা হয়। নিহত সিকান্দর সাচনা বাজার ইউনিয়নের হরিপুর গ্রামের আব্দুর রউফের ছেলে। এ ব্যাপারে জামালগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।