জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের বন্দুকযুদ্ধে ১২ জন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গুলিবিদ্ধসহ গুরুতর আহত ১৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার কলকলিয়া ইউনিয়নের সিদ্ধেরপাশায় এই সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটে। ফের সংঘর্ষের আশংকায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্ধেরপাশা গ্রামের আব্দুল মালিক মিয়া ও আশরাফ মিয়ার লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। মঙ্গলবার গ্রামের পাশের মাটির সড়কে ট্রলি ও সিএনজি ক্রস করার সময় আব্দুল মালিক মিয়ার পক্ষের রাহাদ মিয়া ও আশরাফ মিয়ার পক্ষের ছোট মিয়ার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর
জের ধরে আজ বুধবার সকালে দুই পক্ষের লোকজন সশস্ত্র অবস্থায় সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ১২ জন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়।
গুলিবিদ্ধ রায়হান মিয়া (২৯), সুজন মিয়া (২৫), সোহাগ মিয়া (২০), ফখরুল আবেদীন (৩৬), রাসেল আহমদ (১৯), মঈনুল হক (১৮), আপ্তর খাঁ (২২), আনোয়ার মিয়া (২২), আবুল লেইছ (২৬), তোফায়েল (২৫), আব্দুল করিম (৫০) ও সুয়েব আহমদ (১৬) কে প্রথমে জগন্নাথপুর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জগন্নাথপুর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত ওয়ার্ডবয় তফাজ্জুল হোসেন বলেছেন,‘আহতদের মধ্যে গুলিবিদ্ধ ১২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে’। এছাড়া আহত খসরুল আবেদীন (৩৮), মাসুদ মিয়া (৫৫), সোরহাব মিয়া (৫৫) ও রাজু মিয়া (৪০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং তফাজ্জুল (২০) আবু লিজা (৩৬)কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
আব্দুল মালিক মিয়ার আত্মীয় হাসান শাহ্রিয়ার এনাম বলেন, ‘সরকারি সড়কে সিএনজি চালানোর সময় অন্যায়ভাবে তাদের গোষ্ঠীর রাহাদকে প্রতিপক্ষের লোকজন মারপিট করেছে এবং বুধবার সকালে প্রতিপক্ষের মাসুম, জুনেদ ও করিম অবৈধ কাটা রাইফেল দিয়ে তাদের লোকজনকে গুলি করেছে।’
অপর পক্ষের আশরাফ আলী বলেন, ‘তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ হয়েছে। তাদের কেউ গুলি করেনি। ঘণ্টাব্যাপি সংঘর্ষ হয়েছে। কে কার উপর কিভাবে গুলি করেছে তিনি জানেন না। তাদের পক্ষের মাসুদ মিয়া গুলিবিদ্ধ হয়েছে।’
জগন্নাথপুর থানার ওসি মুরছালিন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গুলাগুলি হয়েছে বলে শুনেননি তিনি।