- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সিভিল সার্জনের বদলির প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার স্বাস্থ্যখাতে দুর্নীতি বন্ধ, স্বাস্থ্যসেবার মান উন্নয়নের দাবি ও সদ্য যোগদানকৃত সিভিল সার্জন ডা. তউহীদ আহমেদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন সচেতন সুনামগঞ্জবাসী।
বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধনে বক্তারা সিভিল সার্জন ডা. তউহীদ আহমেদের ২০ দিনের মাথায় বদলিকে দুর্নীতির জয় বলে আখ্যায়িত করেন এবং অনতিবিলম্বে তা প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল রাখার দাবি জানান।
সাংবাদিক শামস শামীমের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা জাসদের সাধারণ সম্পাদক এনামুজ্জামান চৌধুরী, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, জেলা আসকের সভাপতি ফজলুল হক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমেদ অপু, জেলা সেবকের সভাপতি মুজাহিদুল ইসলাম মজনু, জেলা কৃষকলীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, শিক্ষক নেতা হারুনুর রশিদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তারেক, আহমেদ মুজতাবা রাজি, বিএমএ এর সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাশ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সুজন, জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি নূর মোহাম্মদ স্বজন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগ ও সদর হাসপাতালের স্বাস্থ্য সেবার নানা অনিয়ম নিয়ে সুনামগঞ্জবাসী দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছেন। সম্প্রতি একজন সৎ সিভিল সার্জনকে সুনামগঞ্জে নিয়ে আসায় আশাবাদী হয়েছিলেন সাধারণ মানুষ। যোগদানের পর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন সিভিল সার্জন। কিন্তু দুর্নীতি বন্ধের কঠোর ঘোষণা দেয়ার ২০ দিনের মাথায় রহস্যজনক কারণে আকস্মিকভাবে তার বদলির আদেশ শুনে সুনামগঞ্জের সর্বস্তরের মানুষ বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন। দ্রুত এ বদলীর আদেশ প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
এর আগে শহরের আলফাত স্কয়ারে স্থানীয় দৈনিক সুনামকন্ঠ পাঠক ফোরামের ব্যানারে মানববন্ধন হয়।
উল্লেখ্য, দুর্নীতি বন্ধের ঘোষণা দিয়ে সুনামগঞ্জের সিভিল সার্জন হিসেবে যোগদানের ২০ দিনের মাথায় ডা. তউহীদ আহমেদ কল্লোলকে কোন কারণ ছাড়াই আকস্মিক বদলি করে নেওয়ায় জেলাজুড়ে তীব্র সমালোচনার ঝড় বইছে। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাঁর বদলির আদেশ আসার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন নানা শ্রেণিপেশার মানুষ।

  • [১]