স্টাফ রিপোর্টার
সিলেটস্থ গৌরারং ইউনিয়ন পেশাজীবী সংগঠনের উদ্যোগে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়নের বিভিন্ন স্থানের ৩৫০ জন দরিদ্র মানুষের মধ্যে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়। একই সাথে সাড়ে ৪ শত মানুষকে মাস্ক পরিয়ে দেন সংগঠনের সদস্যরা।
ওইদিন সকালে আব্দুজ জহুর সেতুর পশ্চিমপাড়ে টুলবক্স পয়েন্টে, বড়ঘাট পয়েন্টে, টুকেরবাজার এলাকায়, গৌরারং প্রাইমারী স্কুল প্রাঙ্গণে, ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবং নিধিরচর এলাকায় এই ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল ময়দা, তেল, চিনি, আলু, সেমাই, সাবান ইত্যাদি।
বিভিন্ন স্থানে ঈদসামগ্রী বিতরণকালে বক্তব্য রাখেন সিলেটস্থ গৌরারং ইউনিয়ন পেশাজীবী সংগঠনের সভাপতি ও এএসপি নির্মলেন্দু চক্রবর্তী, সহ-সভাপতি অ্যাড. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক রিয়াজ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নিরঞ্জন সরকার অপু, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার তালুকদার, সহ. সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল হক, কার্যকরী সদস্য এসআই ওমরগণি রাসেল, মাও. আরশদ নুমান, তোফাজ্জল হক সুমন, নিবারণ চন্দ, প্রচার সম্পাদক সামছুল আবেদীন, ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আহমদ, দৈনিক সুনামগঞ্জের খবর’র যুগ্ম সম্পাদক আকরাম উদ্দিন, ইউনিয়ন আ.লীগ নেতা মজর আলী প্রমুখ।
এ সময় এএসপি নির্মলেন্দু চক্রবর্তী বলেন, আমরা গৌরারং ইউনিয়নের বাসিন্দা। কেউ চাকুরির সুবাদে, কেউ ব্যবসার সুবাদে সিলেটে আছি। কিন্তু সব সময় মনে পড়ে জন্ম স্থানের কথা, ইউনিয়নের সকল শ্রেণীপেশার মানুষের কথা। আমরা মাটি ও মানুষের ভালবাসার টানে এই ইউনিয়নে বার বার আসি। মানুষের কল্যাণে কিছু করার চেষ্টা করি। সারা দেশ যখন করোনা ও বন্যায় নানাভাবে ক্ষতিগ্রস্ত, তখন আমাদের ইউনিয়নের মানুষও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই আজও ঈদসামগ্রী নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি আমরা। আপনাদের ভালবাসায় সবসময় পাশে থাকব।