- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সিলেটের আখলাকুর রহমান চৌধুরী ব্রিটেনের বিচারপতি হলেন

লন্ডন প্রতিনিধি
প্রথম ব্রিটিশ বাঙালি হিসেবে বৃটেনে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বৃহত্তর সিলেটের আখলাকুর রহমান চৌধুরী কিউসি। ১৮ আগস্ট শুক্রবার ব্রিটিশ হাইকোর্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাইকোর্টের বিচারপতি হিসেবে আখলাকুর রহমান চৌধুরী কিউসির নিয়োগ রানী এলিজাবেথ অনুমোদন করেছেন। আগামী ২ অক্টোবর থেকে এই নিয়োগ কার্যকর হবে।
এর আগে হাইকোর্টের ডেপুটি বিচারক হিসাবে দায়িত্ব পালন করে আসা আখলাকুর রহমান চৌধুরী এখন থেকে পরিচিত হবেন বিচারপতি চৌধুরী হিসেবে। তারও আগে বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের বিয়ানীবাজারের সপ্নারা খাতুন যুক্তরাজ্যের ক্রাউন কোর্ট ও ফ্যামিলি কোর্ট বিচারক হিসেবে নিয়োগ            
পেলেও আখলাকুর রহমান চৌধুরীই হচ্ছেন ব্রিটিশ হাইকোর্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারক।
৫০ বছর বয়সী আখলাকুর রহমান চৌধুরী ১৯৯২ সালে ব্যারিস্টারি পাস করে আইন পেশায় যোগ দেন। এ পেশায় থাকা বাংলাদেশি বংশোদ্ভূত দুইজন কুইনস কাউন্সেলের (কিউসি) মধ্যে তিনি একজন। অন্যজন হলেন- ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।
আইন পেশায় যোগ দেওয়ার পর তিনি দ্রুত উন্নতি করতে থাকেন এবং এক পর্যায়ে শীর্ষ পাঁচ ব্রিটিশ আইনজীবীর তালিকায় চলে আসেন। লর্ড আরভিন অব লেয়ার্গ এবং লর্ড জাস্টিস ইলিয়াসের সঙ্গে আপিল আদালতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
অ্যাটর্নি জেনারেলের ‘এ’ প্যানেলভুক্ত আইনজীবী হিসেবে আখলাকুর রহমান চৌধুরী কিউসি দীর্ঘদিন ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস, মিনিস্ট্রি অফ ডিফেন্স, এইচএমআরসি ও সরকারের অন্যান্য বিভাগে আইন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।
তাঁদের আদি নিবাস বৃহত্তর সিলেটের করিমগঞ্জে। ১৯৪৭ সালে দেশবিভাগের পর আজিজুর রহমান চৌধুরীর পরিবার বাংলাদেশে চলে আসেন। আজিজুর রহমান চৌধুরী ১৯৬২ সালে বৃটেনে আগমন করেন।

  • [১]