সিলেটের মালনীছড়া রাবার শ্রমিক সংঘ রেজিঃ নং চট্টঃ-২৩৫৬ এর সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা কমিটির যুগ্ম-সম্পাদক, চা ও রাবার শ্রমিকদের জনপ্রিয় নেতা জয় মাহাত্ম কুর্মীকে সোমবার আবারও গ্রেফতার করায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি নুরুল মোহাইমীন ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস। নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে উল্লেখ করেন, জয় মাহাত্ম কুর্মীর নেতৃত্বে চা ও রাবার শ্রমিকরা দালাল নেতৃত্বকে প্রত্যাখ্যান করে প্রকৃত শ্রমিক নেতৃত্বে সংগঠিত হয়ে দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম অগ্রসর করে নিয়ে যাচ্ছেন তখন মালিকগোষ্ঠি ও সরকার সমন্বিত হয়ে একের পর এক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জয় মাহাত্ম কুর্মীকে জড়িয়ে গ্রেফতার করে শ্রমিক আন্দোলন দমন করার অপচেষ্টা চালাচ্ছে। জয় মাহাত্ম কুর্মীর আপোষহীন সংগ্রামী ভূমিকার কারণে মালনীছড়ায় রাবার শ্রমিকরা দৈনিক মজুরি ১৫৫ টাকা, সাপ্তাহিক রেশন ৫ কেজি, মাসিক শিক্ষা ভাতা ১০০ টাকা, চিকিৎসা, বাসস্থান ও কাজের পোষাকসহ বেশ কিছু দাবি আদায় করতে সক্ষম হন, যেখানে অন্যন্যা বাগানের শ্রমিকদের মুজরি এখনও দৈনিক সর্বোচ্চ ৮৫ টাকা এবং রেশনসহ অন্যান্য সুযোগ-সুবিধাও অনেক কম। শ্রমিকদের নিয়মতান্ত্রিক আন্দোলনকে দমাতে মালিকগোষ্ঠি ও সরকারের ধারাবাহিক ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে জয় মাহাত্ম কুর্মীকে, মিথ্যা মামলায় বারবার তাকে গ্রেফতার করা হচ্ছে। মালিকগোষ্ঠি ও সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে শ্রমিকনেতা জয় মাহাত্ম কুর্মীকে ২০০২ সালে ৪ মাস ১৩ দিন, ২০১৪ সালে ৬ মাস ৩ দিন, ২০১৫ সালে ৩ মাস ৯ দিন, ২০১৬ সালে ৩ মাস ৭ দিন কারা নির্যাতন সহ্য করতে হয়। সর্বশেষ গত ৭ এপ্রিল কারামুক্ত হওয়ার মাত্র দেড় মাসের মাথায় গতকাল ১৬ মে তাকে আবারও একটি মিথ্যা ডাকাতির মামলায় গ্রেফতার করা হয়। নেতৃবৃন্দ এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জয় মাহাত্ম কুর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।