সিলেট অফিস
‘করেছি অনেক অবিচার, অনেক অপমান/ ক্ষমা করে দাও হে নদী / আজ নাও আমাদের পুষ্প সম্মান’। বিশ্ব নদী দিবসকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিয়া নদীকে এমন শ্লোগানে পুষ্প সম্মাননা জানানো হয়েছে। শুক্রবার দুপুরে বিশ্বনাথ উপজেলার বাসিয়া ব্রিজ থেকে নদী বিষয়ক আন্তর্জাতিক সংগঠন সুরমা রিভার ওয়াটারকিপার ও বেসরকারি সংগঠন অঙ্গীকার, বাংলাদেশ যৌথভাবে এ পুষ্প সম্মাননা জানায়।
‘বাসিয়া নদীকে পুষ্প সম্মাননা’ জানানো শেষে বাসিয়া নদী ঐক্য পরিষদের
আহবায়ক ফজল খানের সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত সভায় সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম বলেন,‘বাংলাদেশের অসংখ্য নদীর মত বাসিয়া নদীও নাগরিকদের অপমান-অবিচারের শিকার। পানির বদলে নদীর বুক ভর্তি ময়লা-আবর্জনার স্তুপ। বাসাবাড়ি ও দু’পাড়ের ব্যবসায়ীদের ফেলা বর্জ্যে ভরে ওঠছে নদী। নদীতে আবর্জনা ফেলা নদীকে অপমান করা। নদী আমাদের অশেষ দান করে যাচ্ছে। তাই নদীর সাথে করা এমন অবিচারের জন্য নাগরিকদের পক্ষ থেকে ক্ষমা চাইতেই আজকের এ কর্মসূচি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্যাটেলাইট টেলিভিশন ডিবিসি নিউজ’র সিলেট অফিসের স্টাফ রিপোর্টার প্রত্যুষ তালুকদার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সংগঠক বদরুল ইসলাম চৌধুরী, বাসিয়া নদী ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক মাহবুব আলম এমরান প্রমুখ।
প্রসঙ্গত, প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রবিবার বিশ্ব নদী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৮০ সালে ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এই দিবসের সূচনা করে। ২০০৫ সাল থেকে জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থা দিবসটি পালন করছে। বাংলাদেশে ২০১০ সাল থেকে এ দিবস পালন করা হচ্ছে।